কক্সবাজার-টেকনাফ সড়কে ৫টি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ

আপডেট : ১৪ মার্চ ২০১৩, ২১:০৪
কক্সবাজার-টেকনাফ সড়কের ৫টি বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সেতু নড়বড়ে হয়ে যাওয়ার প্রেক্ষিতে অস্থায়ীভাবে হালকা যানবাহন চলাচলের জন্য সড়ক ও জনপদ বিভাগ বিকল্প সেতু হিসাবে উক্ত বেইলি ব্রিজগুলো স্থাপন করে। দীর্ঘদিন যাবত্ বিকল্প সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে সেতুর লোহার পাটাতন ভেঙ্গে গেছে। চকরিয়া থেকে উখিয়ার বালুখালী পর্যন্ত ৩২ কোটি টাকা ও বালুখালী থেকে টেকনাফ পর্যন্ত ২১ কোটি টাকা সড়ক সংস্কার, ব্রিজ কালভার্ট মেরামত ও পুনর্নির্মাণ খাতে ২টি প্রকল্পের আওতায় বরাদ্দ দেয়া হয়েছিল। আমলাতান্ত্রিক জটিলতা ও বিভিন্ন কারনে উক্ত প্রকল্প ২টি বাস্তবায়ন হয়নি। বর্তমানে উক্ত প্রকল্পগুলো ওয়েব সাইডে ই-টেন্ডার প্রক্রিয়া চলমান থাকলেও কবে নাগাত বাস্তবায়ন হবে তার সঠিক দিক নির্দেশনা কেউ দিতে পারছে না। জানা গেছে, পর্যটন শহর কক্সবাজার-টেকনাফ সড়কে অধিকাংশ ব্রিজ-কালভার্টের মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার প্রেক্ষিতে প্রায় ৫টি ব্রিজ সম্পূর্ণ অচল হয়ে পড়ে। সড়ক ও জনপদ বিভাগ এসব ঝুঁকিপূর্ণ ব্রিজগুলোর উপর দিয়ে যাতায়াত বন্ধ করে ব্রীজের পার্শ্বে বেইলি ব্রিজ স্থাপন করেন। কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, কক্সবাজার-টেকনাফ সড়কে ৫টি বেইলি ব্রিজ স্থাপন করা হয়েছে। এসব বেইলি ব্রিজগুলোর মধ্যে ঝুঁকিপূর্ণ বিকল্প সেতুগুলো আগামী কয়েকদিনের মধ্যে পুনঃ সংস্কার করা হবে।