বেগমগঞ্জে যুবলীগ নেতার দু’হাত কর্তন গ্রেফতার এক

আপডেট : ১৪ মার্চ ২০১৩, ২১:০৫
বুধবার সন্ধ্যার পর বেগমগঞ্জ যুবলীগের নেতা শেখ রাসেলের (২৭) দু’হাত শরীর থেকে বিচ্ছিন্ন করেছে সন্ত্রাসীরা। মোটর সাইকেলযোগে চৌমুহনী থেকে নিজ বাড়ি বেগমগঞ্জের বসন্তেরবাগ গ্রামে যাবার সময় চৌমুহনী লক্ষ্মীপুর সড়কের কেন্দুরবাগ বাজারে পৌঁছালে কতিপয় সন্ত্রাসী রাসেলের পথরোধ করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দু’হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। গুরুতর আহত অবস্থায় রাসেলকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। রাসেলের আক্রান্ত হবার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উত্তেজিত লোকজন কেন্দুরবাগ বাজারে সড়কে অবরোধ সৃষ্টি করে ও বাজারের ৪/৫টি দোকান ভাংচুর করে। এছাড়া কয়েকটি গাড়িও ভাংচুর করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে রাজু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।