উপজেলার শোলমারী ব্রিজে বুধবার সড়ক ও জনপথ বিভাগ আকস্মিকভাবে টোল আদায় শুরু করলে স্থানীয় জনগণ ও শ্রমিকদের বাধার মুখে বন্ধ হয়ে যায়। সড়ক ও জনপথ বিভাগের কতিপয় কর্মকর্তা-কর্মচারী গত রবিবার সকালে প্রথম দফায় টোল আদায় শুরু করে। তারা ইজি বাইক, নছিমন, বেবী ট্যাক্সি থেকে ১৫ টাকা, মহেন্দ্র থেকে ২০ টাকা এবং বাস ও ট্রাক থেকে ৩০ টাকা করে টোল আদায় শুরু করে। পুলিশের উপস্থিতিতে কিছুক্ষণ আদায় করলেও পরে সাধারণ মানুষের দাবির মুখে তা বন্ধ হয়ে যায়। স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলাপ-আলোচনা না করে দ্বিতীয় দফায় রবিবার কর্মকর্তা-কর্মচারীরা টোল আদায় শুরু করলে শ্রমিক ও স্থানীয় লোকজনের তীব্র বাধার মুখে তারা ফিরে যান। সড়ক ও জনপথ বিভাগ খুলনার নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক এ প্রসঙ্গে জানান, সড়ক ও জনপথ বিভাগ প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করে। পরে বিজ্ঞপ্তির মাধ্যমে টোল আদায়ের ব্যবস্থা করা হয়। কিন্তু ঠিকাদারের অপারগতার কারণে টেন্ডার বাতিল করে সরকারের পক্ষ থেকে টোল আদায় করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে পুলিশ এবং র্যাবকে জানান হয়েছে। উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান ইত্তেফাককে বলেন, আমাকে এ সম্পর্কে কোন কিছু জানানো হয়নি। বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা বলেন, সরকারের নির্দেশে টোল আদায় চলছে। তবে যদি কেউ ভয়-ভীতি দেখিয়ে টোল আদায়কারীদের উঠিয়ে দেয় তাহলে সরকারকে জানান হবে।
