উত্সবমুখর পরিবেশে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মত ‘এ্যানিমেল হাজবেন্ড্রী ডে’ উদযাপিত হয়েছে। জানা যায়, ‘খাদ্যেই শক্তি, পশুপালনেই পুষ্টি’ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ এ্যানিমেল হাজবেন্ড্রী এসোসিয়েশনের উদ্যোগে ‘এ্যানিমেল হাজবেন্ড্রী ডে’ পালন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেল হাজবেন্ড্রী অনুষদের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। সকাল সাড়ে ১১টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ‘এ্যানিমেল হাজবেন্ড্রী অনুষদের ৫০ বছরে অর্জন ও সমৃদ্ধি’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে এ্যানিমেল হাজবেন্ড্রী অনুষদের ডীন অধ্যাপক ড. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. একেএম ফজুলুল হক ভুঁইয়া। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ এ্যানিমেল হাজবেন্ড্রী এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. জসিমউদ্দিন খান, যুগ্ম-মহাসচিব অধ্যাপক ড. মনিরুজ্জামান, অধ্যাপক ড. জহিরুল হক খন্দকার, অর্গানাইজিং কমিটির সদস্য-সচিব ড. সৈয়দ মো. এহসানুর রহমান প্রমুখ।
