বর্ষার আগেই ভোলা শহর রক্ষা প্রকল্পের কাজ শুরুর দাবি

আপডেট : ১৪ মার্চ ২০১৩, ২১:০৮
দরপত্র জমাদান শেষে ঠিকাদার বাছাইয়ের জন্যে যাবতীয় কাগজপত্র ঢাকায় প্রেরণ করা হয়েছে। দ্রুত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আসন্ন বর্ষার আগেই ভোলা শহর রক্ষা প্রকল্পের কাজ শুরুর দাবী করেছে নদী পাড়ের হাজার হাজার মানুষ। অন্যথায় এলাকার ধনিয়া, কাচিয়া, ইলিশা ও শিবপুর ইউনিয়নের যেটুকু জনপদ ও ফসলী জমি এখনও আছে তাও তলিয়ে যাবে মেঘনা গহবরে। এখানে স্মরণ যোগ্য যে, এলাকাবাসীর অনেক আন্দোলন সংগ্রাম এবং আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের ঐকান্তিক প্রচেষ্টায় সরকার ভোলা শহর রক্ষা প্রকল্পের জন্য গত ডিসেম্বর মাসে ১০৫ কোটি টাকা বরাদ্দ করলে ভোলা পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটির প্রথম পর্যায় উল্লিখিত ৪টি ইউনিয়নের নদী পাড়ে সিসি ব্লক ও জিও টেক্সটাইল ব্যাগ স্থাপনের জন্যে ৪৫ কোটির টাকার দরপত্র আহবান করে। গত ৬ মার্চ দরপত্র দাখিলের শেষ তারিখ ছিল। মোট ১৬টি দরপত্র জমা পড়লে কর্তৃপক্ষ সেগুলো ঢাকায় পাঠিয়েছে মূল্যায়ন করে ঠিকাদার নির্বাচনের জন্য। কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম নকীব জানায় ইতিমধ্যে এই ইউনিয়নের ৫টি ওয়ার্ড নদীতে বিলীন হয়েছে।