চীনের নতুন প্রেসিডেন্ট শি জিংপিং

আপডেট : ১৪ মার্চ ২০১৩, ২১:২৮
চীনের পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে শি জিংপিংকে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করেছে। বৃহস্পতিবার তাকে দেশটির নতুন হিসেবে নির্বাচন করা হয়। ২০১২ সালের নভেম্বরে শি জিংপিং চীনা কমিউনিস্ট পার্টির প্রধান ও সেনা প্রধান নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব গ্রহণ ছিল সময়ের ব্যাপার। ৫৯ বছর বয়সী শি জিংপিং কেন্দ্রীয় সেনা কমিশনেরও প্রধান নির্বাচিত হয়েছেন। এটি পার্টির শীর্ষ সেনাপদের সমমানের পদ। এর মাধ্যমে পার্টি, রাষ্ট্র এবং সশস্ত্র বাহিনীতে তাকে পূর্ণ কর্তৃত্ব দেয়া হল। শি জিংপিং-এর প্রেসিডেন্ট নির্বাচনে ৩ হাজার প্রতিনিধি ভোট দেন। এর মধ্যে মাত্র ১টি ‘না’ ভোট ও অনুপস্থিতিজনিত কারণে ৩টি ভোটগ্রহণ করা যায়নি। চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই নির্বাচন অনুষ্ঠানে দেখা যায়, চূড়ান্ত নির্বাচনী ফলাফল ঘোষণার পর শি জিংপিং তার পূর্বতন প্রেসিডেন্ট হু জিনতাও-এর প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান জানান এবং করমর্দন করেন। তারা পরস্পরের সঙ্গে কিছু কথা বিনিময় করেন। তবে তা ধারণ করা সম্ভব হয়নি। অন্যদিকে, প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের স্থলাভিষিক্ত হবেন লি কেকিয়াং। শুক্রবার এ বিষয়ে চীনা পার্লামেন্টে ভোট গ্রহণের কথা রয়েছে।