উত্সবে যোগ দিতে চান রাজ্জাক

আপডেট : ১৪ মার্চ ২০১৩, ২১:৩৯
অভিষেকের আগে তাকে ‘ক্লাসিক স্পিনার’ মনে করা হত। বড় বড় টার্ন ছিল, ফ্লাইট ছিল। এসব দেখে লোকে বলতো, এই ছেলে টেস্ট বোলার হবে; কিন্তু ওয়ানডেতে কষ্ট করতে হবে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে শুরু করতে না করতেই নিজেকে কেমন বদলে ফেললেন। ২০০৪ সালে অভিষেকের পর থেকে ওয়ানডে ক্রিকেটে দেশের অবিসংবাদিত সেরা বোলার হয়ে গেলেন। কিন্তু কিছুতেই টেস্টে নিজেকে মানিয়ে নিতে পারলেন না একসময়ের সেই ‘ক্ল্যাসিক স্পিনার’ আব্দুর রাজ্জাক। বিরতিতে বিরতিতে এ পর্যন্ত মাত্র ৯টি টেস্ট খেলা সেই রাজ্জাক অবশেষে আরেকটি টেস্ট খেলার আশায় গল টেস্ট চলা অবস্থায়ই ‘এসওএস’ পেয়ে উড়ে গেছেন শ্রীলঙ্কায়। মাঠের পাশে বসে গল টেস্টে ব্যাটসম্যানদের দুরন্ত পারফরম্যান্স ও বোলারদের ব্যর্থ চেষ্টা দেখেছেন। আর সেই দেখার অভিজ্ঞতা থেকেই বলছেন, শুধু ভালো বল করাই শেষ কথা নয়; উইকেটের সহায়তা একটু লাগেই বোলারদের। আর সেটা না পাওয়াতেই গল টেস্টে এমন করুণ পরিণতি হয়েছে বোলারদের। এবার কলম্বোতে অন্তত বোলারদের জন্য কিছু থাকবে বলে আশায় বুক বাঁধছেন দেশের অন্যতম সেরা এ স্পিনার। গল টেস্টে নিজে ছিলেন না বলে একাদশে থাকা বোলারদের দায় দিয়ে বাঁচতে পারতেন। তা না করে সবসময়ের মতো সতীর্থদের পাশেই দাঁড়ালেন। কাল কলম্বোতে সাংবাদিকদের বললেন, ‘গল টেস্টে কোন দলের বোলারই কিন্তু তেমন উইকেট পায়নি। শ্রীলঙ্কা দলেও ভালো বোলার ছিল। কিন্তু ওরাও উইকেট পায়নি। আসলে উইকেটটাই বোলারদের জন্য ছিল না। উইকেটের সহযোগিতা না থাকলে আসলে বোলারদের জন্য উইকেট পাওয়া কঠিন হয়ে যায়। উইকেটে কিছু অন্তত থাকতে হয়।’ এবার আশা করছেন, কলম্বোতে উইকেটে স্পিনারদের জন্য অন্তত কিছু যেন থাকে। আর দলে থাকলে সেই কিছুকে কাজে লাগাতেও তৈরি তিনি। একাদশে সুযোগ পাওয়া নিয়ে রাজ্জাক মোটেও নিশ্চিত নন। যদিও যে পরীক্ষায় পাস করলে একাদশে জায়গা হওয়া উচিত; তা ঠিকই পাস করে এসেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে না থাকা অবস্থায় দেশের রেকর্ডসহ প্রথম শ্রেণীর ক্রিকেটে অসামান্য বল করেছেন। তারপরও জায়গা নিশ্চিত নয় তার! জায়গা নিশ্চিত না হলেও টেস্ট ক্রিকেট নিয়ে স্বপ্ন ঠিকই আছে আর সব ক্রিকেটারের মতো। নিজেকে টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত করতে যা করা দরকার, সবই করছেন। এখন শুধু অপেক্ষা আর অপেক্ষা, ‘মুরালি বা সাকলায়েনের মতো আমার দুসরা বা এ রকম কিছু নেই। ফলে বিশেষভাবে প্রস্তুত; তা বলতে পারি না। কিন্তু নিজের সেরাটা দিয়ে টেস্টে খেলতে চাই। টেস্টে খেলাটাই একজন ক্রিকেটারের জীবনের চূড়ান্ত স্বপ্ন। টেস্ট ক্রিকেট হল মনোযোগ, বোলিং যোগ্যতা; সবকিছুর একটা চূড়ান্ত পরীক্ষা। এই পরীক্ষায়, এই প্রতিযোগিতায় কে না থাকতে চায়!’ আরেকটা কারণে মাঠে থাকার জন্য খুব উতলা হয়ে উঠেছেন রাজ্জাক। এই কলম্বোতে বাংলাদেশের এই উত্সব হয়ে যাওয়ার সুযোগ আছে। গল টেস্টে দলকে যা খেলতে দেখেছেন, তাতে এখানে ভালো ফল বলতে জয় পাওয়াটাও অসম্ভব মনে করছেন না, ‘গলে আমরা অসামান্য ব্যাটিং করেছি। মুশফিক, আশরাফুল আর নাসির যা ব্যাট করেছে; সেটা আবার করতে পারলে রেজাল্ট আসতে পারে। আর ২০ উইকেট নেয়া? ব্যাটসম্যানরা পারছে। আমরা কেন পারবো না? চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে হবে।’ সেটা করতে পারলেই জমে উঠবে ‘পার্টি’। আর এই পার্টির অংশ হিসেবে মাঠে থেকে ইতিহাসের অংশ হয়ে যেতে কার না ইচ্ছে করে! রাজ্জাকও সেই ইচ্ছেতে বুক বাঁধছেন।