পাকিস্তানে নির্বাচন বিলম্বের অনুমতি দেয়া হবে না

আপডেট : ১৪ মার্চ ২০১৩, ২২:৪৭
পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতেখার মোহাম্মদ চৌধুরী বলেছেন, আগামী সংসদ নির্বাচন একদিনও বিলম্বের অনুমতি দেয়া হবে না। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে নির্বাচনী আইন সংস্কার বিষয়ে এক শুনানিতে তিনি একথা বলেন। এদিকে সংসদ ভেঙ্গে দেয়ার দুইদিন আগে গতকাল প্রধানমন্ত্রী আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে তিনজনের নাম প্রস্তাব করেছেন। খবর ডন-এর। পাকিস্তানের প্রধান বিচারপতি বলেন, একটি ভুল পদক্ষেপ নির্বচানকে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিতে পারে। তিনি বলেন, জাতীয় পরিষদ তার মেয়াদ শেষ করেছে এবং জাতীয় পরিষদ ছাড়া সিনেট কোনো আইন প্রণয়ন করতে পারে না। তিনি নির্বাচন কমিশনকে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান উল্লেখ করে বলেন, নির্বাচনের প্রয়োজনে প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে এবং সেই ক্ষমতা সংবিধানে দেয়া হয়েছে। তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সুপারিশ সরকার বাস্তবায়ন করতে পারবে। কমিশন আদালতের নির্দেশনা অনুযায়ী মনোয়ন ফরম ছাপাচ্ছে। এ সময় অ্যাটর্নি জেনারেল ইরফান কাদির প্রশ্ন করেন, কমিশন নিজ থেকে কীভাবে মনোয়নপত্র ছাপায় এবং ছাপানোর অনুমতি দেয়। এর জবাবে প্রধান বিচারপতি বলেন, যদি প্রেসিডেন্ট মনোনয়নপত্রের বিষয়ে কোনো সাড়া না দেয় তাহলে মনে হয় তিনি এটাকে প্রত্যাখান করেননি। কাদির বলেন, সরকার অধিকাংশ সংস্কারের বিষয়ে একমত প্রকাশ করে। তবে কিছু বিষয়ে এখনো ভিন্নমত আছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে যে তিনজনের নাম প্রস্তাব করেছেন তারা হলেন সাবেক অর্থমন্ত্রী ড. আব্দুল হাফিজ শেখ, স্টেট ব্যাংকের সাবেক পরিচালক ড. ইসরাত হোসাইন এবং বেলুচিস্তান হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি মির হাজার খান খোসো। এর আগে বিরোধী দলের পক্ষ থেকে তিনজনের নাম প্রস্তাব করা হয়েছে।