চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যেই হাট-বাজারে নতুন ধান উঠতে শুরু করেছে। কিন্তু ধানের দাম কম হওয়ায় কৃষকের মুখ মলিন হয়ে গেছে। এবারে ধান ক্ষেতে কোনো রোগ বালাই ছিল না। কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই কৃষক এখন বোরো ধান কেটে ঘরে তুলছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চাটমোহরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ধান চাষ হয়েছে। এবারে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৮ হাজার ৯০৫ হেক্টর। আবাদ হয়েছে ৯ হাজার ৬৬৫ হেক্টর জমিতে। বোরো ধানের ফলন বেশি হওয়ায় কৃষক খুশি হলেও দাম না পেয়ে হতাশ।
ছাইকোলা গ্রামের কৃষক আ. গণি জানান, গত বছর মাড়াই মৌসুমে প্রতি মণ ধান ৮৫০ টাকায় বিক্রি হয়েছে। ফলে ধানের দাম নিয়ে অখুশি কৃষক। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় কৃষক ধান কেটে মাড়াই করে ঘরে তুলতে পারছেন। কৃষক জানান, প্রতি বিঘায় বোরো ধানে কৃষক ৫ হাজার টাকা লোকসান গুণছেন। প্রতি মণ ধান ৮ থেকে ৯শ’ টাকায় বিক্রি হলে কৃষক লাভবান হবেন।
