স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পবিত্র রমজান ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ছুটি শুরু হচ্ছে। রাবিতে আগামী ৮ মে থেকে ২৩ জুন পর্যন্ত ৪৭ দিন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
রবিবার রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার জানান, আগামী ৮ মে থেকে ২৩ জুন পর্যন্ত রমজান-ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে রমজানে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম ও অফিস চলবে আগামী ১ জুন পর্যন্ত। ২ জুন থেকে ২২ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহও বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. আমিনুল ইসলাম জানান, হলগুলো কবে নাগাদ বন্ধ হবে তা এখন সিন্ধান্ত নেওয়া হয়নি।
অন্যদিকে রুয়েটে ৪ মে থেকে ১৪ জুন পর্যন্ত ক্লাস ছুটি থাকবে। রুয়েটের প্রেস এন্ড ইনফরমেশন সেকশন থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান ও গ্রীষ্মকালীন ছুটিতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও পরীক্ষা অনুষ্ঠিত হবে। রমজানের অবকাশকালীন সময়ে প্রশাসনিক কার্যক্রম ও অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। ছুটি শেষে আগামী ১৫ জুন রুয়েটে সব ক্লাস ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
