ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে হামলার ঘটনায় জঙ্গিরা সীমান্তের ওপার থেকে এসেছে বলে নয়াদিল্লির অভিযোগ ইসলামাবাদ সরাসরি প্রত্যাখ্যান করেছে। সেখানে ওই জঙ্গি হামলায় আধা-সামরিক পুলিশ বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়। ভারতের স্বরাষ্ট্র সচিব আর কে সিং জানান, বিরোধপূর্ণ ভূ-খণ্ডে ওই হামলায় নিহত দুই বন্দুকধারী স্থানীয় নয়, বরং সীমান্তের ওপারের বলে মনে হয়েছে।
প্রায় পাঁচ বছরের মধ্যে ভারতের নিরাপত্তা বাহিনীর ওপর বুধবারের হামলা ছিল সবচেয়ে মারাত্মক। ভারত ও পাকিস্তানের নিজস্ব ভূ-খণ্ড হিসেবে দাবি করা এই বিরোধপূর্ণ অঞ্চলে গুলি বিনিময়ে ছয় সৈন্য নিহত হওয়ার দু’মাস পর এই হামলার ঘটনা ঘটলো।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সিংয়ের অভিযোগ প্রত্যাখ্যান করে বুধবার বিবৃতি দিয়েছে এবং গত ৮ জানুয়ারি পাকিস্তানী সৈন্য ভারতের দুই সৈন্যকে হত্যা করেছে নয়াদিল্লির এমন অভিযোগ আবারো প্রত্যাখ্যান করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘ভারতের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তার এমন দায়িত্বজ্ঞানহীন বিবৃতি উভয় দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা বাধাগ্রস্ত করতে পারে।’ পাকিস্তান এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানায় এবং এ ধরনের অভিযোগ উত্থাপনের আগে ঘটনার ব্যাপক তদন্ত করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানায়।
উল্লে¬খ্য, ভারত শাসিত কাশ্মীরে স্থানীয় জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদীন বুধবারের ওই হামলার দায়িত্ব স্বীকার করে।
