শুধু প্রতিশ্রুতি দিল কাতারের ফুটবল নেতৃত্ব

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ২০:৪০
কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (কিউএফএ) বাংলাদেশের ফুটবল উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি দিলেও ঠিক কী ধরনের সহায়তা করবে তা পরিষ্কার করে বলেনি। গতকাল শুক্রবার সংক্ষিপ্ত সময়ের জন্য বাংলাদেশে আসা কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ হামাদ বিন খলিফা আল থানি ও তার সফরসঙ্গীরা বাংলাদেশকে তাদের উন্নয়নের সঙ্গী হিসাবে দেখছেন বলে আশ্বস্ত করেন। দুই দেশের ফুটবল সম্পর্ক জোরদারেও এই সফর বিশেষ ভূমিকা রাখবে বলে মত দেন তারা। পাশাপাশি আশা করেন আন্তর্জাতিক ফুটবল নেতৃত্বে মধ্য প্রাচ্যের এই দেশটির পাশে থাকবে বাংলাদেশ। মূলত কাতারের বিশ্বকাপ ফুটবল আয়োজক কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান আল থাওয়াদির ফিফার নির্বাহী কমিটিতে সদস্য পদে নির্বাচনের কারণেই প্রতিনিধি দলটি এ সফরে আসে। গতকাল বিকালে বিশেষ বিমানে ঢাকায় এসে িরাতেই ১০ সদস্যের এই প্রতিনিধি দল ফিরে যান। জানা গেছে তাদের পরবর্তী গন্তব্য ভারত ও পাকিস্তান। বিমানবন্দরে কাতারের ফুটবল কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সাথে কথা বলেননি। ঢাকায় এসে সরাসরি গুলশানস্থ একটি হোটেলে বাফুফের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। সেখানে ছিলেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, দুই সিনিয়র সভাপতি কাজী নাবিল আহমেদ আরিফ খান জয় এবং অন্য সদস্যরা। এক ঘণ্টার বৈঠক শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শুরু হওয়ার আগেই বাফুফের মিডিয়া ম্যানেজার আশিকুুর রহমান আদিষ্ট হয়ে ঘোষণা করেন, ‘কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ হামাদ বিন খলিফা আল থানিকে প্রশ্ন করা যাবে না। তিনি একটা বক্তব্য রাখবেন। প্রশ্ন করা যাবে বাফুফের সভাপতিকে। সেটাও সব মিলিয়ে তিনটি।’ বাফুফের তরফে একটি লিখিত বক্তব্য সাংবাদিকদের হাতে তুলে দেয়া হয়। এর বাইরে সালাহউদ্দিন বলেন,‘ফুটবল একাডেমিসহ গেম ডেভেলপমেন্টের ব্যাপারে অনেক কথা হয়েছে। সব কথা তাদের সামনে বলাটা ঠিক হবে না। আসল উদ্দেশ্য হচ্ছে একাডেমি, যেটা একদিনে উন্নতি হয় না। কাতারের ফুটবল একাডেমি পৃথিবীর অন্যতম সেরা একটি। তাদের সাথে আমাদের কাজ করার সুযোগ আছে।’ বিশ্বকাপ ফুটবল আয়োজক কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা আইনের উপর পড়াশুনা করা হাসান আল থাওয়াদি সংবাদ সম্মেলনে স্টেডিয়াম, পরিবেশ, আয়োজনের নানা পরিকল্পনার কথা সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন। বাফুফে সভাপতিকে দেখিয়ে হাসান আল তৌহিদ বলেন, তিনি আমাদের সাথে ফুটবল উন্নয়নের রোড ম্যাপ তৈরি করছেন। আমরাও বিশ্বাস করি এদেশের ষোল কোটি মানুষের দেশে ফুটবল উঠে আসবে। এখানকার ফুটবল উন্নয়ন সম্ভব।’ কাতারের এই কর্মকর্তার প্রার্থিতায় সমর্থনের কথা জানিয়েছেন বাফুফে সভাপতি। তিনি ফিফার নির্বাহী কমিটিতে এশিয়ান ফুটবল ফেডারেশনের (এএফসি) প্রতিনিধিত্বের ব্যাপারে থাওয়াদির সামর্থ্যে আস্থা রাখার কথাও জানান।