নেত্রকোনায় ১৬তম গার্লস গাইড ক্যাম্প সমাপ্ত
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী ১৬তম গার্ল গাইডস্ ক্যাম্প শনিবার সন্ধ্যায় সমাপ্ত হয়। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা গার্লস গাইডের সভাপতি ও নেত্রকোনা জেলা প্রশাসক পত্নী খন্দকার আফসানা আমীনের সভাপতিত্বে ক্যাম্প উদ্বোধন করেন মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি।
এসডিজি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা স্থানীয় পর্যায়ে সরকারের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমি হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এসডিজি বাস্তবায়নে স্থানীয় চাহিদাভিত্তিক দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণে গ্রুপ পর্যায়ে “কৃষি জমির সর্বোচ্চ উত্পাদনে প্রতিবন্ধকতা” সূচক নির্ধারণ করে যৌথভাবে প্রথম হয়ে পুরস্কার গ্রহণ করেন সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা ও ইত্তেফাক সংবাদদাতা তপন বসু।
শিক্ষার্থীদের চারা বিতরণ
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা সমাজসেবামূলক সামাজিক সংগঠন রক্তিম মিনা এর উদ্যোগে শনিবার বিকালে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। নাসিরনগর উপজেলা সদরের ধনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণা রানী দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার হোসেন ভূঁইয়া, রক্তিম মিনা উপদেষ্টা ছাত্রনেতা শরীফুজ্জামান চৌধুরী সুমন প্রমুখ।
রাণীশংকৈলে আন্তর্জাতিক মিডওয়াইফ ও নার্সেস দিবস পালিত
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা রাণীশংকৈল উপজেলায় রবিবার একই সাথে আন্তর্জাতিক মিডওয়াইফ ও নার্সেস দিবস পালিত হয়। এ উপলক্ষে সকালে হাসপাতাল চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে হাসপাতাল হলরুমে ডেন্টাল সার্জন নুরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাম্বুলেন্স হস্তান্তর
হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা অবশেষে দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন একটি সরকারি এ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিল মাহমুদের কাছে এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত প্রমুখ।
কৃষক মাঠ দিবস পালিত
গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা গঙ্গাচড়ায় ব্রিধান-৫৮ এর শস্য কর্তন উপলক্ষে রবিবার মাঠ দিবস পালিত হয়। রবি ২০১৮-১৯ মৌসুমে রাজস্ব অর্থায়নের উপজেলার সদর ইউনিয়নের নিউ স্টার পাড়ায় আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন জেলা অতিরিক্ত উপ-পরিচালক মতলুবর রহমান।
ফণীতে ক্ষতিগ্রস্ত মতলব উত্তরের
চরাঞ্চলে ত্রাণ বিতরণ
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা ঘূর্ণিঝড় ফনীর আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় রবিবার। উপজেলার চরাঞ্চলের বাহেরচর, চরকাশিম, বোরচর, চরউমেদসহ পার্শ্ববর্তী চরের ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাশিস ঘোষ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার প্রমুখ।
রাজৈরে সচেতনতামূলক কর্মশালা
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা রাজৈর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিনের সভাপতিত্বে রবিবার আচমত আলীখান মিলনায়তনে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম. এ. মোতালেব মিয়া, ডা. মো. নাসিরউদ্দিন প্রমুখ।
সম্প্রীতির জন্য বিতর্ক প্রতিযোগিতা
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা মিরপুরে ‘সম্প্রীতির জন্য বিতর্ক’ শীর্ষক একটি আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রবিবার। প্রতিযোগিতার পরীক্ষামূলক ধাপে বাছাইকৃত চারটি স্কুলের সমন্বয়ে তিনটি বিতর্ক প্রতিযোগিতা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় জয়লাভ করে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
কিষাণিদের নিয়ে সমাবেশ
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে সিআইজি গ্রুপের (কমোন ইন্টারেস্ট গ্রুপ) কিষাণিদের নিয়ে ওয়ার্ডভিত্তিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে কাশিমপুর ইউনিয়নের কাশিমপুর ওয়ার্ডে স্থানীয় ইউপি সদস্য মোজাফফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কাশিমপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল প্রমুখ।
চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা উপজেলায় চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন নকলনবীশরা। রবিবার সুন্দরগঞ্জ নকলনবীশ অ্যাসোসিয়েশনের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাব রেজিস্ট্রার অফিস চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী খয়বর হোসেন সরকার মওলা, অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।
জেন্ডার ডিসক্রিমিনেশন ও নারীর প্রতি
প্রতিহিংসা রোধে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর ওয়ার্ল্ড কনসার্ন অফিসে শনিবার বিকালে ‘জেন্ডার ডিসক্রিমিনেশন ও নারীর প্রতি প্রতিহিংসা রোধ’ এর উপর কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার মূল সমন্বয়কারী ছিলেন স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস এম শাহিন। আলোচনা করেন আইডিপির প্রোগ্রাম অফিসার সামুয়েল কস্তা, ডেভিড তাপস সাহা ও নিপা অধিকারী ।
৪০ জনের চোখের আলো ফিরিয়ে দিতে
সহযোগিতা করলেন পলক
সিংড়া (নাটোর) সংবাদদাতা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির উদ্যোগে সিংড়ায় আয়োজিত চক্ষু ক্যাম্পে বাছাইকৃত প্রথম ধাপের ৪০ জনের ছানী অপারেশন রবিবার সম্পন্ন হয়। রোটারি ক্লাব, দৃষ্টি চক্ষু হাসপাতালের সহযোগিতায় চক্ষু অপারেশন করা হয়। রবিবার খোঁজখবর নিতে দৃষ্টি চক্ষু হাসপাতালে গিয়েছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী আরিফা জেসমিন কনিকা।
স্বরূপকাঠিতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠিতে জগন্নাথকাঠি বন্দরের ১টি ও মিয়ারহাট বন্দরের ২টি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করে। রবিবার ওই আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদি হাসান। মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।
০
