বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গতকাল শুক্রবার মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভাঙচুর হওয়া গোয়ালিমান্দ্রা মনিপাড়া কালিমন্দির পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা করেন। তিনি রাজনৈতিক সহিংসতায় ভাঙচুর হওয়া এই মন্দিরের দৃশ্য দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। বিকাল সাড়ে ৫টায় কালিমন্দির প্রাঙ্গণে পৌঁছালে মন্দিরের পুরোহিত, হিন্দু নেতৃবৃন্দ এবং বিএনপির নেতারা তাকে স্বাগত জানায়। তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করেন। হিন্দু পুরোহিত তাকে মন্দিরে আক্রমণের ভয়াবহতা সম্পর্কে অবহিত করেন। বেগম জিয়া তাদেরকে সান্ত্বনা দেন এবং বিএনপি ক্ষমতায় এলে মন্দির পুনর্নির্মাণের আশ্বাস দেন। হিন্দু নেতৃবৃন্দ বলেন, এই সহিংসতায় যারা নেতৃত্ব দিয়েছিল সরকার তাদের গ্রেফতার করেনি আজও। বেগম জিয়া এসময় ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সরকারের সময়ে কোন ধর্মের মানুষ নিরাপদ নয়। তারা হিন্দুদের ভোট ব্যাংক হিসেবে মনে করলেও ক্ষমতায় এসে তাদের উপর বেশি নির্যাতন চালায়।
বেগম জিয়া কালিমন্দির প্রাঙ্গণে কিছুক্ষণ অবস্থানের পর তার পাশে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন। পরে পূজা মন্ডপের সাধারণ সম্পাদক কমল চন্দ্র দাসের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন। তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, বিএনপি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টানসহ সব সম্প্রদায়ের লোকের বন্ধু। তাদের বিপদ-আপদে সব সময় পাশে থাকে। বিএনপি ক্ষমতায় এলে এই কালিমন্দির পুনর্নির্মাণ করে দেয়া হবে। এ সময় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকজন শ্লোগান দিয়ে অভিনন্দন জানায়।
