স্পোর্টস ডেস্ক
চার নম্বর পজিশনে কে ব্যাট করবেন? বিশ্বকাপের আগে এই প্রশ্নের উত্তর খুঁজতে সবচেয়ে বেশি মাথা খাটাতে হচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্টকে। এমন সময়ে এই ধাঁধার সমাধান নিয়ে হাজির হয়েছেন দেশটির সাবেক ওপেনার কৃষ্ণামাচারি শ্রীকান্ত। তিনি মনে করেন, বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনিকে চারে পাঠানো উচিত ভারতের।
বিশ্বকাপ দলে না থাকা আম্বাতি রাইডুকে দিয়ে কয়েকদিন এই পজিশনে বাজিয়ে দেখা হয়েছে। কোনো কাজের কাজ হয়নি। বিশ্বকাপে এই পজিশনের জন্য নেওয়া হয়েছে বিজয় শঙ্করপলকে। যদিও, তারপরও শ্রীকান্তের পছন্দ ধোনি।
টাইমস অব ইন্ডিয়াতে লেখা একটি কলামে তিনি লিখেছেন, ‘অনেকদিন হলো চার নম্বর পজিশন নিয়ে বিস্তর তর্ক-বিতর্ক হচ্ছে। এটা নিয়ে এখন যাচ্ছে তাই হচ্ছে। আমার মতে, ভারতের একজন ‘রেডিমেড’ চার নম্বর ব্যাটসম্যান আছেন। তিনি হলেন এমএস ধোনি। আমার মনেহয় এই পজিশনের জন্য সাবেক অধিনায়কের চেয়ে ভালো আর কেউ হতে পারেন না। ওকে কেন নিয়মিতভাবে এই পজিশনে খেলানো হচ্ছে না—সেটা আমার জন্য একটা রহস্য।’
ধোনির সাম্প্রতিক ফর্মের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, ‘ধোনি অস্ট্রেলিয়ার মাটিতে যেভাবে খেলেছে, কিংবা আইপিএলে যেভাবে খেলছে—তাতে ওর ক্ষমতা নিয়ে এখনো কোনো সংশয় তোলার সুযোগ নেই। চার নম্বরে ধোনির আক্রমণ করতে পারার দক্ষতাটা কাজে লাগাতে পারলে সেটা প্রতিপক্ষগুলোর জন্য ভয়ের কারণ হতে পারে।’ ধোনির দলে থাকাটাই বাকিদের জন্য বাড়তি একটা অনুপ্রেরণা। শ্রীকান্ত বলেন, ‘ধোনি দলে থাকা মানেই সেটা বাকিদের জন্য বাড়তি একটা অনুপ্রেরণা। ধোনি দলের মধ্যে আত্মবিশ্বাসের যোগানদাতা। ও দলের জন্য একটা অমূল্য অলঙ্কার।’
