প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, এইচএসসি পরীক্ষায় কয়েকটি বিষয়ে একটু কৌশলগত ও সতর্ক হলেই সর্বোচ্চ নম্বর পাওয়া যায়। বিষয়ভিত্তিক এমনি কিছু কৌশলগত টিপস্- নিচে আলোচনা করা হলো।
১. বাংলা বিষয়ে সাধু চলিত মিশ্রণ না করে এবং মূল বই অনুসরণে নির্ভুল বানানে লিখলে বাংলা উভয়পত্রে সর্বোচ্চ নম্বর অর্জন খুবই সহজ।
২.পদার্থ বিজ্ঞানে প্রয়োজনীয় চিত্র ও সঠিক প্রমাণসহ লিখলে সর্বোচ নম্বর পাওয়া যায়। বড় প্রশ্নের উত্তর লেখার সময় চিত্রের কথা উল্লেখ না থাকলেও তুমি যদি মনে করো এখানে প্রাসঙ্গিক চিত্র আছে তবে তা দেওয়ার চেষ্টা করবে। পদার্থ বিজ্ঞান বিষয়ে খাতায় উত্তর লেখার সময় এর তত্ত্ব, নীতি এবং সূত্র ইত্যাদি সঠিক ভাবে লিখছো কি না তা মনে মনে যাচাই করে লিখতে হবে।
৩.জীববিজ্ঞানে কোষ বিভাজন, কোষের জৈব রসায়ন, বায়োটেকনোলজি, উদ্ভিদের জৈবনিক প্রক্রিয়া, শ্রেণিবিন্যাস অধ্যায়গুলো থেকে আসা প্রশ্নের উত্তরগুলো আগে দেওয়ার চেষ্টা করবে।
৪. সঠিকভাবে অথচ অনেক কম লিখেও বেশি নম্বর পাওয়ার বিষয় হলো রসায়ন। রসায়নে সবচেয়ে বেশি ভুল হয় বিক্রিয়াগত। এটি কাটিয়ে উঠতে পারলে সঠিকভাবে কম লিখে রসায়নে সর্বোচ্চ নম্বর অর্জন সম্ভব।
৫. যুক্তিবিদ্যায় সর্বোচ্চ নম্বর পেতে হলে নির্ভুল বানানে লিখবে। প্রশ্নের উত্তরে বিভিন্ন যুক্তিবিদের উক্তি উপস্থাপন করতে হয়। এক্ষেত্রে যুক্তিবিদের নাম সঠিক ভাবে উল্লেখ করা হলো কি না তা খেয়াল রাখতে হবে। যুক্তিবিদ্যা যাদের আছে তারা একটি বিষয় অবশ্যই মাথায় রাখবে তা হলো- যুক্তিবিদ্যা না বুঝে বানিয়ে লেখা যায় না। এটি এমন একটি বিষয় যা লিখতে হলে জেনে,বুঝে এবং পড়ে সঠিক উত্তরটি লিখতে হবে।
