প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, শুভেচ্ছা নিও, আশা করছি, এইচএসসি পরীক্ষার প্রস্তুতি তোমরা গ্রহণ করেছো। শেষ সময়ের পড়াশোনা নিয়মমাফিক প্রস্তুুত করছো। তোমাদের প্রথম পরীক্ষা বাংলা প্রথমপত্র। জীবনের সবচে’ বড় পরীক্ষার শুরু যে বিষয়টি দিয়ে হবে তাতে তোমাদের মনে একটু ভয় বা সংশয় সৃষ্টি হতে পারে এটা স্বাভাবিক কিন্তু পরিকল্পিত রুটিনে যদি তুমি প্রস্তুতি গ্রহণ করো তাহলে তোমার ভয় বা সংশয়ের কিছুই নেই। আমরা গভীরভাবে লক্ষ্য করে দেখেছি, বিগত পরীক্ষাগুলোর গড় ফলাফল খারাপ হওয়া বিষয়ের মধ্যে বাংলা অন্যতম। একজন ভালো ছাত্রের বাংলায় সি পর্যন্ত গ্রেড পয়েন্ট নেমে যেতে দেখা যায়। সেক্ষেত্রে ভয়ের কিছু নেই। বাংলা প্রথমপত্রে সচরাচর ভালো করার জন্য আমরা যে বিষয়কে বেশি গুরুত্ব দিয়ে থাকি তাহলো : খাতার সৌন্দর্য রক্ষা, বানানের প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ, বাক্যগঠনে তত্ত্ব ভিত্তিক তথ্য উপস্থাপন, অপ্রয়োজনীয় শব্দ বা ভাষা বর্জন, কাটাকাটি যতদূর সম্ভব না করা, অপ্রাসঙ্গিক বিষয় উপস্থাপন থেকে বিরত থাকা, প্রশ্নোত্তরে স্বচ্ছতা থাকা বাঞ্চনীয়, প্রয়োজনীয় মার্জিন বা মার্জিনের জায়গা রাখা বাঞ্চনীয়, সৃজনশীলের ক্ষেত্রে উদ্দীপক ও পাঠ্য বইয়ের সমন্বয় সাধন, বহুনির্বাচনির ক্ষেত্রে প্রশ্ন অনুযায়ী ভেবে ভেবে উত্তর করা, সর্বোপরি নির্ভেজাল তথ্যসমেত গঠনমূলক বিশ্লেষণ তোমার আত্মবিশ্বাসে লেখলেই ভালো করা যাবে। সৃজনশীল অংশ : প্রশ্ন থাকবে ৯টি উত্তর করতে হবে ৬টি মোট নাম্বার ৬০। গদ্যাংশ থেকে মোট তিনটি সৃজনশীল প্রশ্ন থাকবে যেখান হতে উত্তর করতে হবে ২টি সৃজনশীল প্রশ্নের। পদ্যাংশ থেকে ৩টি সৃজনশীল প্রশ্ন থাকবে উত্তর করতে হবে ২টি সৃজনশীল প্রশ্নের। উপন্যাস পদ্মানদীর মাঝি থেকে প্রশ্ন থাকবে ৩টি উত্তর করতে হবে ২টি সৃজনশীল প্রশ্নের। একটি সৃজনশীল প্রশ্নের উত্তরে (১+৫+১২+১৫) সর্বোচ্চ ৩৫ বাক্য উত্তরের ক্ষেত্র হতে পারে।
বহুনির্বাচনি প্রশ্ন : মোট প্রশ্ন ৪০ মোট নাম্বার ৪০ সময় ৪০মি.
তোমাদের তিনটি স্তর পার করে তবেই মোট ৪০টি প্রশ্নের উত্তর করতে হবে। মূল বই বারবার পড়ে গুরুত্বপূর্ণ লাইনের নিচে দাগ দিয়ে রাখবে। শব্দার্থ ও টীকা বার বার পড়বে। কবিতা, প্রবন্ধ বা গল্পের মূল বিষয়বস্তু অবশ্যই তোমাকে বের করতে হবে। দেশের খ্যাতনামা স্কুলের প্রশ্ন মাথায় রাখতে পারো। অহেতুক বাজে টেনশন এধর্মী পরীক্ষাকে বার বার খারাপ করায়। সেক্ষেত্রে নিজেকে মানসিক চাপমুক্ত রাখা নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে খুব প্রয়োজন, তাড়াহুড়া, দ্রুত পড়া, অবহেলা বা বন্ধুর সাথে হলে বসে আড্ডাস্বরূপ অবহেলা পরীক্ষাকে খারাপ করবে। কবি বা লেখকের জন্মস্থান, জন্ম মৃত্যু সাল, তাঁর রচিত গুরুত্বপূর্ণ প্রকাশনার বা গ্রন্থের নাম মনে রাখবে। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে টীকা জানা একটি জরুরি বিষয়; টীকাংশ থেকে বার বার একাধিক প্রশ্ন আসতে দেখা যায়।
