গণিত

সূত্র মনে রেখো, উত্তর করা সহজ হবে

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ১৮:৪২
গণিতে ভালো নম্বর পেতে হলে একজন শিক্ষার্থীকে যুক্তিপূর্ণ ধারাবাহিক ধাপ অতিক্রম করতে হয়। বিভিন্ন সূত্র স্মৃতিতে সংরক্ষণের চেষ্টা করো। সূত্রের প্রতিপাদন এবং সমস্যা সমাধানে সেগুলোর প্রয়োগের ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখবে। তোমরা হয়তো লক্ষ করেছ, গণিতের কিছু কিছু অধ্যায় পরস্পর সম্পর্কযুক্ত। রিভিশনের সময় এই অধ্যায়গুলো একসঙ্গে চর্চা করবে। যেমন জটিল সংখ্যা-বাস্তব সংখ্যা-বহুপদী, বিন্যাস-সমাবেশ-দ্বিপদী ইত্যাদি। বিচ্ছিন্ন গণিতের অধ্যায়গুলো অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন। এই অংশে কোনো দুর্বলতা থাকলে এখনো তা থেকে মুক্তির উপায় আছে। প্রয়োজনে সহপাঠী বা শিক্ষকের পরামর্শ নাও। ত্রিকোণমিতি অংশটি সূত্রনির্ভর। মুখস্ত করার চেষ্টা করলে পরীক্ষার হলে স্মৃতি তোমার সঙ্গে প্রতারণা করবে এবং তুমি অসহায় বোধ করবে। ক্যালকুলাস এবং ত্রিকোণমিতি অংশের উত্তর করতে সময় কম লাগে। এই অংশের জন্য প্রচুর কাজ করো যেন দ্রুত এই অংশের উত্তর দিয়ে সময় বাঁচাতে পার। না বুঝে কোনো কিছু মুখস্ত করার চেষ্টা কোরো না। বিষয়বস্তুর গভীরে যাওয়ার চেষ্টা করো। যা লিখছ তা যুক্তিসংগত কি না ভাবো। পরীক্ষার খাতাটি পরিচ্ছন্ন রাখার চেষ্টা করো। গণিত দ্বিতীয়পত্র গণিত দ্বিতীয়পত্রে তোমাদের যে তিনটি অংশের (বলবিদ্যা, বিচ্ছিন্ন গণিত ও ক্যালকুলাস) উত্তর করতে হয়, তাতে বেশ কিছু উপপাদ্যের উত্তর করতে হয়। বলবিদ্যায় প্রায় চার থেকে পাঁচটি, বিচ্ছিন্ন গণিতে দু-একটি ও ক্যালকুলাসে দু-একটি উপপাদ্যের উত্তর করতে হতে পারে। উপপাদ্যের সংখ্যা কিন্তু খুব বেশি নয় এবং ক্ষেত্রবিশেষে গত বছর যেগুলো এসেছে, তা বাদও দেওয়া যেতে পারে। এতে করে অল্প কিছু উপপাদ্য পড়ে (যেমন লম্বাংশ সূত্র, ল্যামির সূত্র ও বিপরীত সূত্র, সমমুখী ও বিপরীতমুখী সমান্তরাল বলের সূত্র, বলের জোড়ের সূত্র, প্রক্ষেপকের সূত্র, নিউটনের গতির সূত্র, কপিকলে ঝুলন্ত দুটি বস্তুর গতির সূত্র, সম্ভাব্যতার সূত্র, ক্যালকুলাসে ম্যাকলরিনের উপপাদ্য ইত্যাদি) বেশকিছু নম্বরের উত্তর করতে পারো। যারা একটু কম পড়েও ভালো উত্তর করতে চাও, তারা বলবিদ্যার ২(A), ৩(A), ৪(B), ৫(A) অনুশীলনীগুলো ভালো করে, অন্য অনুশীলনীগুলো কম করেও ভালো উত্তর করতে পারো। বিচ্ছিন্ন গণিতের প্রথম অধ্যায় থেকে সর্বোচ্চকরণ/সর্বনিম্নকরণ, দ্বিতীয় অধ্যায় থেকে প্রমাণ/অঙ্ক ও তৃতীয় অধ্যায় থেকে বাইনারিতে রূপান্তর/সমস্যা সমাধানের জন্য এলগরিদম ও ফ্লো চার্ট তৈরীকরণ থেকে খুব সহজেই তিনটি প্রশ্নের উত্তর দেওয়া যায়। ক্যালকুলাসে প্রথম অধ্যায় থেকে ফাংশন ভালো করে লিমিট কম করে, দ্বিতীয় অধ্যায় থেকে মূল নিয়মের প্রমাণ ভালো করে অন্তরীকরণ কম করেও দুটি প্রশ্নের সহজে উত্তর করা যায়। তৃতীয় অধ্যায়টি অতীব গুরুত্বপূর্ণ, কারণ এ অধ্যায় থেকে তিনটি প্রশ্নের উত্তর করতে হয়। পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে একটি ও বাকি তিন প্রকারের সমস্যা (ম্যাকলরিনের সূত্র/সূত্রের প্রয়োগ, স্পর্শক/অভিলম্ব সম্পর্কিত সমস্যা ও লঘু/গুরুমান নির্ণয়) থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হয়। এ ছাড়া যোগজীকরণ (অনির্দিষ্ট/নির্দিষ্ট যোগজীকরণ) থেকে চারটি (দুটি দুটি করে) প্রশ্নের উত্তর দিতে হয়। যে অধ্যায়গুলোতে একাধিক অনুশীলনী আছে, সেগুলোর দু-একটি ভালো করে বাকিগুলো কম করেও পুরো নম্বরের উত্তর করা যায়। অর্থাত্ কিছু কৌশল অবলম্বন করলে মাঝামাঝি প্রস্তুতিতেও ভালো ফল করা যায়।