ধাওয়ানের ব্যাটে জবাব দিচ্ছে ভারত

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২০:৩৩
শেখর ধাওয়ানের দুর্দান্ত অভিষেক টেস্ট সেঞ্চুরির উপর ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে গতকাল শনিবার সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ভারত তাদের প্রথম ইনিংসে বিনা উইকেটে ২৮৩ রান সংগ্রহ করেছে। এর আগে স্টিফেন স্মিথ এবং মিচেল স্টার্কের ক্যারিয়ার সেরা দুটি ইনিংসে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে করে ৪০৮ রান। গত কয়েক বছর ধরে ভারতের অন্যতম প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান হিসেবেই তাকে বিবেচনা করা হতো। তবে ভারতের বিখ্যাত ব্যাটিং লাইন আপের কারণেই হয়তো টেস্ট দলে জায়গা হয়নি তার। তার সঙ্গে যোগ হয়েছিল ‘প্রতিভার সদ্ব্যবহার করতে পারেন না’ এমন অভিযোগও। ওয়ানডে দলে জায়গা পেয়েও নিয়মিত হতে পারেননি সেখানে। ২০১০ সালে ওয়ানডে অভিষেক হওয়ার পরে এখনো পর্যন্ত খেলেছেন মাত্র পাঁচটি ম্যাচ। বলার মতো তেমন কিছুই করতে পারেননি সেখানে। এই সব কিছুর জবাব দিতেই যেন গতকাল মাঠে নেমেছিলেন ধাওয়ান। ১৬৮ বলে ১৮৫। ৩৩টি চারের সঙ্গে দুটি ছয়। এরচেয়ে ভাল অভিষেক ইনিংসের স্বপ্নও হয়তো দেখেননি তিনি। সাতাশ বছর তিন মাস বয়সে টেস্ট অভিষিক্ত এই ব্যাটসম্যান এখন সবচেয়ে দ্রুত অভিষেক টেস্ট সেঞ্চুরির মালিক। এই অসাধারণ কীর্তি গড়ার দিনে ধাওয়ান পেছনে ফেলেছেন ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক ম্যাচে ৯৩ বলে সেঞ্চুরি হাঁকানো ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথকে। এখানেই শেষ হচ্ছে না ধাওয়ান মহাকাব্যের। ১৯৬৯ সালে গুন্ডাপ্না বিশ্বনাথের করা ১৩৭ রান টপকে ধাওয়ানই এখন ভারতের পক্ষে অভিষেকে সর্বোচ্চ রানের মালিক। ধাওয়ানের তাণ্ডবে হারিয়ে গেছে তার ওপেনিং সঙ্গী মুরালি বিজয়ের নাম। ৮৩ রানে অপরাজিত এই ব্যাটসম্যানও সেঞ্চুরির স্বপ্ন নিয়েই দিন শেষ করেছেন। এই দুজনের ২৮৩ রানের জুটিই এখন মোহালিতে ওপেনিং জুটি হিসেবে সর্বোচ্চ। আগের দিনের সাত উইকেটে ২৩৭ রান নিয়ে দিন শুরু করা অজিরা এদিন শেষ তিন উইকেটে যোগ করেছে আরও ১৭১ রান। স্মিথ আউট হয়ে গেছেন ৯২ রানে। আর সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকতে স্টার্ককে হতাশায় পুড়িয়েছেন ইশান্ত শর্মা। ৭২ রানে তিন উইকেট নিয়ে ভারতের সফলতম বোলারও তিনিই। সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া প্রথম ইনিংস:৪০৮ (অল আউট)। স্টার্ক ৯৯, স্মিথ ৯২, কাওয়ান ৮৬। ইশান্ত ৩/৭২, জাদেজা ৩/৭৯। ভারত প্রথম ইনিংস:২৮৩/০। ধাওয়ান ১৮৫*, বিজয় ৮৩*।