লেবাননে বিদ্রোহীদের ওপর হামলার হুমকি সিরিয়ার

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২০:৩৪
লেবাননে আত্মগোপন করে থাকা বিদ্রোহীদের ওপর হামলার হুমকি দিয়েছে সিরিয়া। লেবাননের সেনাবাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এ হামলা চালানো হতে পারে বলে সিরিয়া সতর্ক করে দিয়েছে। রাষ্ট্রীয় সানা বার্তা সংস্থা শুক্রবার জানায়, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় বৃহস্পতিবার লেবাননের পররাষ্ট্রমন্ত্রণালয়কে বলেছে, বিপুলসংখ্যক জঙ্গি গত দু’দিনে লেবাননের দক্ষিণ সীমান্ত পেরিয়ে সিরিয়ার তেল কালাখ শহরে প্রবেশ করেছে। সিরিয়া চায় লেবানন সশস্ত্র ওই বিদ্রোহীদের সীমান্ত পারাপার বন্ধে ব্যবস্থা নিক। কারণ বিদ্রোহীরা সিরিয়ার জনগণকে হামলার লক্ষ্য করেছে এবং সিরিয়ার সার্বভৌমত্ব ভঙ্গ করছে। মন্ত্রণালয় আরো বলেছে, সিরিয়া বাহিনী এ যাবত্ লেবাননের ভূখন্ডে সশস্ত্র বিদ্রোহী বাহিনীর ওপর হামলা না চালানোর ব্যাপারে সংযত থেকেছে। কিন্তু সিরিয়ার ধৈর্যের একটা সীমা আছে। সানা বার্তা সংস্থা জানায়, বিদ্রোহীরা লেবাননে পালানোর আগে সীমান্ত এলাকার কাছে হামলায় বিপুলসংখ্যক মানুষ হতাহত হয়েছে। তাছাড়া, সিরিয়া সংঘাত থেকে লেবাননও সংঘাতে জড়িয়ে পড়ার ক্রমবর্ধমান ঝুঁকির মুখে রয়েছে বলে আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তারা। জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান এন্টনিও গুটারেস শুক্রবার বলেছেন, সিরিয়া সংঘাত লেবাননের অস্তিত্বের জন্য হুমকি। তিনি বলেন, সিরিয়া সঙ্কট যে লেবাননের অস্তিত্বের জন্য হুমকি আন্তর্জাতিক সম্প্রদায়কে তা উপলব্ধি করতে হবে এবং দেশটিকে এখনকার চেয়ে আরো শক্তিশালী সমর্থন দিতে হবে। শুক্রবার গৃহযুদ্ধের দ্বিতীয় বছর পার করছে সিরিয়া। ২০১১ সালের এই দিনে আরব বসন্তের ঢেউয়ে দেশটিতে শুরু হয় সরকারবিরোধী আন্দোলন। কিন্তু ক্ষমতা না ছাড়তে প্রেসিডেন্ট বাশার-আল আসাদের অনড় অবস্থানের কারণে শুরু হওয়া সশস্ত্র লড়াই পরবর্তীতে গৃহযুদ্ধে রূপ নেয়। সিরিয়ায় গৃহযুদ্ধের বর্ষপূর্তির এ সময়টিতেই বহির্শক্তির অস্ত্র প্রবেশে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা বাতিল করতে ফ্রান্স ও যুক্তরাজ্য আহবান জানাবে বলে জানিয়েছে।