অনুশীলনে সুস্থ স্মিথ-ওয়ার্নার

আপডেট : ০৫ মে ২০১৯, ২১:৩৭

কিছুটা অসুস্থ থাকায় আগেই দলে ফিরলেও পুরোপুরি অনুশীলনে নামতে পারছিলেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। অবশেষে সুস্থ হয়ে টেম্পারিং কেলেঙ্কারির পর প্রথমবারের মত চলতি সপ্তাহেই অস্ট্রেলিয়ার জার্সি গায়ে মাঠে নামছেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার।

গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে কেপ টাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকায় এক বছরের নিষেধাজ্ঞা কাটানোর পর গত সপ্তাহে ব্রিজবেনে বিশ্বকাপ পূর্ব অনুশীলন ক্যাম্পে জাতীয় দলে স্বাগত জানানো হয় এ জুটিকে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ফেরার পর দু’জনই ভাইরাসে আক্রান্ত ছিলেন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল শুরু হওয়া তিন ম্যাচের অনুশীলন সিরিজের আগে গতকাল নেট সেশনে যোগ দেন। অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল বলেন, তারা খেলার জন্য ফিট হয়ে উঠবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন তিনি। সাংবাদিকদের ম্যাক্সওয়েল বলেন, ‘আমি এমনটাই ধারণা করছি। তারা গত দুই দিন যাবত অসুস্থ। তারা কিছুটা সুস্থ বোধ করছে এবং আজ অনুশীলন করেছে। তবে আমি অনেকটাই নিশ্চিত যে, দলের অধিকাংশই প্রস্তুত আছে।’

দু’জনই আইপিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছেন। ওয়ার্নার ১২ ইনিংসে টুর্নামেন্টের সর্বোচ্চ ৬৯২ রান করেছেন। এর আগে দু’জন ফেরার পর তাদের ফেরায় দলে কোনো ‘উত্তেজনা’ নেই উল্লেখ করে কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘এখন তারা দলে ফিরেছে। তারা নির্বাচিত হয়েছে, যা অত্যন্ত ভাল দিক।’

ম্যাক্সওয়েল বলেছেন, স্মিথ ও ওয়ার্নারের কাছ থেকে তারা আইপিএলের অভিজ্ঞতা জানছেন এখন, ‘তারা ড্রেসিং রুমে আসার পর আমরা জানতে চেয়েছি, আইপিএলটা তারা কেমন উপভোগ করেছেন। সানরাইজার্স হায়দারবাদের হয়ে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর সঙ্গে ওপেনিং জুটি কেমন উপভোগ করেছে ডেভিড (ওয়ার্নার) কাছে শুনতে চেয়েছি। তারা দু’জনই সুপারস্টার। আইপিএলে আমি তাদের খেলা দেখেছি এবং প্রকৃত অর্থেই তারা খুব ভাল খেলেছে। দলে ফেরায় তাদের নিয়ে কোনো দুঃশ্চিন্তা নেই।’

শিরোপা অক্ষুণ্ন রাখতে অস্টে লিয়ার হাতে সময় আছে এক মাসেরও কম। নিজের পরিকল্পনা সুন্দরভাবে বাস্তবায়নের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি অনুশীলন ম্যাচকে কাজে লাগাবে ল্যাঙ্গার।

অ্যারন ফিঞ্চ ও উসমান খাজার দুর্দান্ত ওপেনিং জুটিতে ভারত ও পাকিস্তানের বিপক্ষে টানা আটটি ওয়ানডে জিতে টগবগে অবস্থায় আছে অস্ট্রেলিয়া দল। স্মিথ ও ওয়ার্নার দলে ফেরায় ল্যাঙ্গারের জন্য বড় প্রশ্ন হবে ওপেনিং জুটি ঠিক করা।-বাসস