‘গুগল ট্রান্সলেশন’-এ সংরক্ষণ করা যাবে পছন্দের অনুবাদ

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২০:৩৫
সব ধরনের কাজেই এখন ইন্টারনেটের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠছে। যারা এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদের কাজ করে থাকেন, তাদের জন্যও তেমনি রয়েছে অনলাইনে বিভিন্ন অনুবাদ অ্যাপ্লিকেশন এবং সার্ভিস। এই ধরনেরই একটি সার্ভিসের নাম ‘গুগল ট্রান্সলেট’। টেক জায়ান্ট গুগল এই সেবাটি চালু করে। এর মাধ্যমে পঞ্চাশটিরও বেশি ভাষার একটি থেকে অন্যটিতে অনুবাদ করা যায়। এখানকার অনুবাদগুলো অবশ্য এর ব্যবহারকারীদের উপরেও অনেকটা নির্ভর করে। যেকেউ এই সার্ভিসে কোনো শব্দ বা বাক্যের অনুবাদ খুঁজে না পেলে নিজে থেকেই সেটিকে অনুবাদ করে যুক্ত করে দিতে পারেন। গুগল ট্রান্সলেট চালু হওয়ার পর থেকেই জনপ্রিয়তা অর্জন করতে শুরু করে বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে। এই সেবাটিতে নতুন এক ফিচার এবার যুক্ত করেছে নির্মাতা গুগল। এখন থেকে গুগল ট্রান্সলেট সেবায় কোনো শব্দ বা বাক্য অনুবাদের পর সেটিকে ব্যবহারকারী তার পছন্দের তালিকায় যুক্ত করে নিতে পারবেন। যারা নিয়মিত এই সেবাটি ব্যবহার করে থাকেন, তারা এই নতুন ফিচারটির মাধ্যমে সবচেয়ে বেশি প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ শব্দ, শব্দগুচ্ছ বা বাক্যকে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর তাতে করে এই শব্দ, শব্দগুচ্ছ বা বাক্যগুলোর অনুবাদ পরবর্তী সময়েও দেখে নেওয়া যাবে। ফলে অনুবাদের মাধ্যমে কেউ যদি কোনো ভাষার শব্দ, শব্দগুচ্ছ বা বাক্য শিখতে চান, তারও সুযোগ পাওয়া যাবে। বিশেষ করে একই শব্দ প্রতিবার খোঁজার চাইতে একবার খুঁজে সংরক্ষণ করে রাখলে সেগুলো পরবর্তীতে প্রয়োজনে খুঁজে পেতেও সুবিধা হবে। এতে করে গুগল ট্রান্সলেট ব্যবহারকারীরা মূলত নিজের একটি ‘ফ্রেজবুক’ তৈরি করতে পারবেন বলেই জানিয়েছে গুগল। গুগল ট্রান্সলেটে কোনো অনুবাদ করে ট্রান্সলেট উইন্ডোর নিচে ‘স্টার’ চিহ্নে ক্লিক করলেই সেটি সংরক্ষিত হয়ে যাবে। নোট-টেকিং অ্যাপ্লিকেশন হিসেবেও তাই এটিকে ব্যবহার করার সুযোগ থাকবে।