নানা আয়োজনে চলছে সিটি আইটি কম্পিউটার ফেয়ার ২০১৩

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২০:৩৬
নানা আয়োজনের মধ্য দিয়ে চরছে বিসিএস কম্পিউটার সিটির মেলা। দশ দিনব্যাপী এই মেলায় উদ্বোধনের পর থেকেই রয়েছে ক্রেতা-দর্শনার্থীদের আনাগোনা। মেলার স্টলগুলোতে রয়েছে বিভিন্ন ধরনের প্রযুক্তি পণ্যের উপর মূল্যছাড় এবং প্রযুক্তি পণ্যের সাথে উপহার। এসব পণ্যসামগ্রীর কেনাবেচা ছাড়াও রয়েছে মেলায় নানা আয়োজন। কম্পিউটার সিটির নিচতলায় প্রতিদিনই থাকছে সেলিব্রেটি শো। এ ছাড়াও আছে শিশু চিত্রাঙ্কন, গেমিং, ডিজিটাল ফটোগ্রাফি, বিতর্ক, কুইজ, রক্তদান কর্মসূচি প্রভৃতি আয়োজন। এর আগে গত বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে স্যামসাং ডিজিটাল ফটো কনটেস্টের উদ্বাধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। এ সময় স্যামসাং এবং বিসিএস কম্পিউটার সিটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় গত শুক্র এবং শনিবার অনুষ্ঠিত হয়েছে গিগাবাইট গেমিং প্রতিযোগিতা। স্মার্ট টেকনোলজিস এবং অর্পন কমিউনিকেশনস-এর সহযোগিতায় এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় সব পুরস্কার। ‘সামাজিক ও গণযোগাযোগের শ্রেষ্ঠ মাধ্যম কম্পিউটার’ স্লোগান নিয়ে শুরু হওয়া এই মেলার প্লাটিনাম স্পন্সর বাংলালায়ন; গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে আসুস, ক্যাসপারস্কি, স্যামসাং এবং জেরক্স। মেলার মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক, এটিএন বাংলা, এবিসি রেডিও এবং বাংলানিউজ২৪.কম।