যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিএনপি পারিবাস ওপেন ইন্ডিয়ান ওয়েলস হার্ড কোর্ট টেনিস টুর্নামেন্টে মহিলাদের বিভাগে ফাইনালে উঠেছেন মারিয়া শারাপোভা ও ক্যারোলিন ওজনিয়াকি। সেমিফাইনালে রুশ তারকা শারাপোভা স্বদেশী ১৩তম বাছাই মারিয়া কিরিলেনকোকে ৬-৪, ৬-৩ গেমে এবং ড্যানিশ তারকা ক্যারোলিন ওজনিয়াকি জার্মান চতুর্থ বাছাই অ্যাঞ্জেলিক কারবারকে ২-৬, ৬-৪, ৭-৫ গেমে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে।
বৃটিশ তারকা অ্যান্ডি মারেকে পরাজিত করে ছেলেদের সেমিফাইনালে উঠেছেন হুয়ান মার্টিন ডেল পোত্রো। গতকাল অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন সপ্তম বাছাই ডেল পোত্রো ৬-৭ (৫/৭), ৬-৩, ৬-১ গেমে বিশ্বের তিন নম্বর খেলোয়াড় মারেকে পরাজিত করে শেষ চার নিশ্চিত করেন। সেমিফাইনালে তার প্রতিপক্ষ বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ। ফাইনালে পৌঁছার পাশাপাশি শারাপোভা বিশ্ব র্যাঙ্কিংয়ে অবস্থানের এক ধাপ উন্নতি করে ২ নম্বরে উঠে এসেছেন। আগামী সোমবার নতুন র্যাঙ্কিং প্রকাশ করবে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। ২০১২ সালে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন জয়ের পরে প্রথম কোন শিরোপার স্বপ্নে বিভোর শারাপোভা অনেকটা মজা করেই বলেছেন, ‘তিন নম্বরের থেকে তো এটা কিছুটা হলেও ভাল, তাই নয়কি।’
চলতি বছর এই নিয়ে মাত্র তিন নম্বর টুর্নামেন্ট খেলছেন রুশ তারকা। ডান দিকের কলারবোন ইনজুরির কারণে ব্রিসবেন থেকে নাম প্রত্যাহার করে নেবার পরে তিনি অস্ট্রেলিয়ান ওপেন এবং দোহা ডাবি¬উটিএ টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন। ২০০৬ সালে ক্যালিফোর্নিয়ায় একমাত্র শিরোপা জিতেছিলেন শারাপোভা এবং গত বছর ফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে পরাজিত হয়ে রানার্স-আপ ট্রফি নিয়েই সন্তুষ্ট ছিলেন। কিন্তু ফাইনালে তার এবারের প্রতিপক্ষ বিশ্বের সাবেক এক নম্বর তারকা ওজনিয়াকি ২০১১ সালের চ্যাম্পিয়ন এবং তার আগে বছরের রানার্স-আপ হিসেবে শারাপোভার সামনে যে কঠিন চ্যালেঞ্জ নিয়েই উপস্থিত হবেন এতে কোন সন্দেহ নেই। আর শারাপোভা নিজেও সে কথা স্বীকার করে নিয়ে বলেছেন, ‘‘ওজনিয়াকি সবসময়ই কঠিন প্রতিপক্ষ। সে দারুণ আগ্রাসী খেলোয়াড়। কোর্টে সে প্রতিপক্ষকে কঠোর পরিশ্রমে বাধ্য করে এবং নিজের সুবিধা আদায় করে নেয়।” তৃতীয় বাছাই আজনিয়েস্কা রাদওয়ানাস্কা এবং পঞ্চম বাছাই পেট্রা কেভিটোভাকে পরাজিত করে সেমিফাইনালে উঠা কিরিলেনকোর বিপক্ষে শারাপোভার শুরুটা ভালই হয়েছিল। প্রথম সেটে ৩-১ ব্যবধানে এগিয়েও গিয়েছিলেন রুশ তারকা। কিন্তু সেখান থেকে দারুণভাবে ফিরে এসেছিলেন কিরিলেনকো। কিন্তু দ্বিতীয় সেটে শারাপোভা অনেকটাই আগ্রাসী হয়ে উঠে সতীর্থকে কোন সুযোগ দেননি। আগের ম্যাচগুলোর ফলাফল মাথায় রেখেই শারাপোভা মূলত নিজেকে কিরিলেনকোর বিপক্ষে মেলে ধরেছিলেন। ম্যাচে ছয়টি এসও মেরেছেন শারপোভা।
এদিকে অপর সেমিফাইনালে কারবারের কঠিন লড়াইয়ের মুখে পড়তে হয়েছিল ওজনিয়াকিকে। প্রায় আড়াই ঘন্টার লড়াইয়ে শেষ হাসি অবশ্য হেসেছেন ড্যানিশ তারকা। তবে তিন সেটের লড়াইয়ে প্রথম সেটেই কারবার ৬-২ গেমে জিতে নিয়ে ওজনিয়াকিকে হতাশ করেছিলেন। কিন্তু জয়ের জন্য অবিচল ওজনিয়াকিকে এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। শেষ দু’টি সেট ৬-৪, ৭-৫ গেমে জিতে নিয়ে ফাইনাল নিশ্চিত করেন সাবেক এই শীর্ষ তারকা।
তৃতীয় সেট পর্যন্ত ২০০৯ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন ডেল পোত্রো কোন ব্রেক পয়েন্টের মুখোমুখি হননি। বরং মারের আটটি ডাবল ফল্টের সুযোগে নিজের জয়ের ধারা ত্বরান্বিত করেছেন। ডেল পোত্রোর ম্যাচ পয়েন্টের সময় মারে তার শেষ ডাবল ফল্টটি করেন। শনিবার ডেল পোত্রোর সামনে সুযোগ আসবে জকোভিচের জয়ের ধারায় চিড় ধরাতে। গত ৩১ অক্টোবর থেকে টানা ২২টি ম্যাচ অপরাজিত থাকা জকোভিচের জয়রথ থামাতে ডেল পোত্রো নতুন প্রতিপক্ষ হিসেবে সামনে আসছেন। চলতি বছর জকোভিচের জয়ের সংখ্যা ১৭টি। গত বছর লন্ডন অলিম্পিকে ডেল পোত্রো সার্বিয়ান তারকাকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জয় করেছিলেন। কিন্তু তারপর থেকে চারবার জকোভিচ আর্জেন্টাইন তারকাকে পরাজিত করেছেন। এর মধ্যে রয়েছে সম্প্রতি দুবাই ওপেনের সেমিফাইনাল। বিশ্বের অন্যতম প্রতিভাবান খেলোয়াড় জকোভিচের বিপক্ষে জিততে হলে নিজেকে আরো ভাল খেলতে হবে বলেই মনে করছেন ডেল পোত্রো। তবে মারেকে পরাজিত করার ম্যাচটিকে টুর্নামেন্টে তার অন্যতম সেরা ম্যাচ হিসেবেই উলে¬খ করেছেন। - বাসস/এএফপি
