স্বাধীনতা কাপ ফুটবল শুরু আজ

মাঠে নামছে তিন বড় দল

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২০:৪৩
এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবল এবং স্বাধীনতা কাপ ফুটবলের জন্য পোশাদার ফুটবল লিগ স্থগিত রয়েছে। চ্যালেঞ্জ কাপের বাছাই পর্ব শেষ, আর আজ থেকে শুরু হবে স্বাধীনতা কাপ ফুটবল। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ, বড় তিন দলই মাঠে নামছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল ৩টা ১৫ মিনিটে ‘বি’ গ্রুপের দল আবাহনী খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের সাথে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এটিএন বাংলা। একই মাঠে বিকাল সোয়া পাঁচটায় মোহামেডান ও নৌবাহিনী এবং সন্ধ্যা সোয়া সাতটায় শেখ জামাল খেলবে ফেনীর সকার ক্লাবের বিরুদ্ধে। লিগ স্থগিত হওয়ায় খেলোয়াড়রা ম্যাচের ধারাবাহিকতা থেকে সরে গিয়েছেন। স্বাধীনতা কাপ ফুটবল আবার ম্যাচের ধারাবাহিকতা ফিরিয়ে আনবে বলে মনে করছেন খেলোয়াড়রা। পেশাদার লিগের নয় দল সাথে গতবারের চ্যাম্পিয়ন ফরাশগঞ্জ, বাছাই পর্ব থেকে উঠে আসা চট্টগ্রাম আবাহনী এবং সার্ভিসেস দল নৌবাহিনীসহ ১২ দলের লড়াই তিন গ্রুপে। তিন গ্রুপ চ্য্যাম্পিয়ন এবং সেরা রানার্সআপ দল সেমিফাইনালে উঠবে। চট্টগ্রাম আবাহনী এক সময়ের পেশাদার লিগেরই দল। কিন্তু ক্লাব কর্মকর্তাদের পরিকল্পনা এবং পরিচর্যার অভাবে ক্লাবটি পেশাদার লিগের বড় আসরে টিকতে পারেনি। তবে এই ১২ দলের মধ্যে শক্তিমত্তার বিচারে নৌবাহিনী সবচেয়ে দুর্বল দল। কারণ এখানে পেশাদার ফুটবলার নেই, অন্যান্য দলের মতো নেই বিদেশি ফুটবলার। চাকরির সুবাদে ফুটবল খেলতে হয়। তারপরও বেশ ভালো খেলেই বড় আসরের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে নৌবাহিনী। কিন্তু নৌবাহিনীকে দুর্বল মনে না করে সমীহ করছেন মোহামেডান কোচ সাইফুল বারী টিটু। তিনি জানান সেমিফাইনালে যেতে হলে শুধু নৌবাহিনীই নয়, সব বাহিনীকেই হারাতে হবে। মোহামেডানের মতো বড় দলকে তারা ভয় পান না। কারণ পেশাদার লিগ শুরু হওয়ার আগে নেভাল হেড কোয়ার্টারের মাঠে নৌবাহিনীর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিল মোহামেডান। সেখানের ১-০ গোলে পিছিয়ে থেকে ড্র করেছিল সাদাকালো দলটি। বনি, শাকিল, গালিব, জোসি, পারভেজ, মিন্টু, কামাল, জহুর, সেলিম, মামুন মোল্লা, আলীম মোহামেডানকে ঠেকানোর জন্য আজ মাঠে নামবেন। কিভাবে মোহামেডানকে প্রতিরোধ করা যায় তার জন্য নৌবাহিনী কোচ মোহাম্মদ সগীর গতকাল সকালে খেলোয়াড়দেরকে বুঝিয়েছেন। কোচ বলছেন আজকের ম্যাচটা নিয়ে আমার খেলোয়াড়রা উদগ্রীব। মোহামেডান অভিজ্ঞ, শক্তিমত্তায় ভালো, ওরা বেটার। গোল না হজম করাই আমাদের কৌশল।’