স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপটাই সম্ভবত প্রধান নির্বাচক হিসেবে ইনজামাম উল হকের শেষ অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে। পাকিস্তানের শীর্ষস্থানীয় পত্রিকা ডন জানিয়েছে, নির্বাচক হিসেবে শেষ করলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডেই (পিসিবি) থাকবেন তিনি। তাকে দেখা যাবে ভিন্ন কোনো পদে। দলের পারফরম্যান্সের অবনতিই এই প্রধান কারণ। একই কারণে, ঝুঁকিতে আছে কোচ মিকি আর্থারের চাকরিও।
ইনজামামকে গেল ২০১৬ সালে পিসিবির নির্বাচক কমিটির প্রধান করা হয়। তখন সভাপতি ছিলেন শাহরিয়ার খান। এরপর পিসিবিতে অনেক পালাবদল হয়েছে। নাজাম শেঠি প্রধান নির্বাচক হয়েছেন, চলেও গেছেন। ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর পিসিবি প্রধানের দায়িত্ব পান এহসান মানি। তবে, এত কিছুর পরও টিকে ছিলেন ইনজামাম।
তবে, নয় মাস আগে সভাপতি হিসেবে মানি দায়িত্ব নেওয়ার পর থেকে পাকিস্তানের পারফরম্যান্স বেশ খারাপ। এশিয়া কাপে ব্যর্থতা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম কন্ডিশনে সিরিজ হার - সব মিলিয়ে ঝুঁকির মুখেই ছিলেন ইনজামাম। তাই, বিশ্বকাপ শেষেই নির্বাচকদের নতুন প্রধান ঘোষণা করে দেওয়া হবে।
ইনজামামের কমিটির মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত ছিল। বিশ্বকাপকে মাথায় রেখে মেয়াদ বাড়িয়ে ৩১ জুলাই করা হয়েছে। তবে, বিশ্বকাপে অতিমানবীয় কিছু না ঘটলে এই মেয়াদ আর বাড়বে না। বিশ্বকাপের ওপর নির্ভর করছে পাকিস্তানের কোচ মিকি আর্থারের টিকে থাকাও। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিশ্বকাপে বড় কিছু করতে না পারলে হয়তো এই দক্ষিণ আফ্রিকানকেও পদত্যাগ করতে
বলা হবে।
