নারী ক্রিকেট
স্পোর্টস রিপোর্টার
ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে গতকাল জয় পেয়েছে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি ও শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি।
বিকেএসপির চার নম্বর মাঠে শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি ৮২ রানে পরাজিত করেছে আনসার ও ভিডিপি দলকে। আগে ব্যাট করে শেখ রাসেল ৮ উইকেটে ২০৭ রান সংগ্রহ করেছিল। রুমানা আহমেদ সর্বোচ্চ ৫৯, সুলতানা ইয়াসমিন ৪১, শায়লা শারমিন ৪০, সাই পুরানডারে ৩৬, তাজিয়া আক্তার ১৩ রান করেন। আনসার-ভিডিপির পান্না ঘোষ চারটি উইকেট নেন। জবাবে ৪৮.৪ ওভারে ১২৫ রানে গুটিয়ে যায় আনসার-ভিডিপির ইনিংস। পান্না ঘোষ ৪৫, ফারজানা আক্তার ১৮, ইসমত আরা ১৫, শাহনাজ পারভিন ১২ রান করেন। শেখ রাসেলের নাহিদা আক্তার, খাদিজাতুল কোবরা, সাই পুরানডারে দুটি করে উইকেট নেন।
বিকেএসপির তিন নম্বর মাঠে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি ৬১ রানে হারিয়েছে গুলশান ইয়ুথ ক্লাবকে। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২০৩ রান তুলেছিল কেরানীগঞ্জ। আসফিয়া আলম লামিয়া অপরাজিত ৫২, একা মল্লিক ৫০, নিপা আক্তার ৩৫, সুমাইয়া আইরিন ২০, সুরাইয়া আজমিন ১৪, বৃষ্টি দাস ১০ রান করেন। গুলশান ইয়ুথ ক্লাবের পক্ষে নেহা, তমালিকা দুটি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে ৪৫ ওভারে ১৪২ রানে অলআউট হয় গুলশান ইয়ুথ ক্লাব। প্রিয়াঙ্কা মল্লিক ৭৫, ফাতেমা আক্তার ১৪, চম্পা চাকমা ১২, নাসিমা আক্তার ১০ রান করেন। কেরানীগঞ্জের পক্ষে সুমা রানী তিনটি, বৃষ্টি দাস-টুম্পা চৌধুরী দুটি করে উইকেট পান।
