ইতালিতে ফিরছেন মরিনহো?

আপডেট : ০৫ মে ২০১৯, ২১:৪২

 স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে বরখাস্ত হবার পর থেকে হোসে মরিনহো কোচিং থেকে দূরেই আছেন। তবে আসছে মৌসুমে রোমার প্রধান কোচ হয়ে আবারও ক্লাব ফুটবলে ফিরতে পারেন পর্তুগীজ এই কোচ।

ডিসেম্বরে চাকরি হারানোর পর বিভিন্ন টিভি চ্যানেলে ফুটবল বিশ্লেষণে যুক্ত হওয়া এই কোচ অবশ্য পিএসজির কোচ হবার ব্যাপারেও গুঞ্জন আছে গণমাধ্যমে। তবে স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা জানাচ্ছে, মরিনহো এবং তার এজেন্ট হোর্হে মেন্দেস সময়ক্ষেপণ না করে ইতালীয় এই দলটি দায়িত্ব নেওয়ার ব্যাপারে আগ্রহী। তাহলে ২০১০ সালের পর আবারও ইতালীয় কোনো দলের কোচের দায়িত্ব নেবেন মরিনহো। ২০০৯-১০ মৌসুমে ইন্টার মিলানকে ‘ট্রেবল’ জিতিয়ে ক্লাব ছেড়েছিলেন তিনি।

ইন্টার মিলান তাদের সাবেক কোচকে আবারও দলে ফিরিয়ে আনছে এমন একটা গুঞ্জন বেশ কিছুদিন ধরেই ভেসে বেড়াচ্ছিলো ইতালীয় সংবাদ মাধ্যমে। তবে শেষমেশ সাবেক জুভেন্তাস কোচ অ্যান্তোনিও কন্তেকেই দলে ভেড়াবে বলে শোনা যাচ্ছে। ফরাসি পত্রিকা লে’কুইপ জানাচ্ছে, এই পরিস্থিতিরই সুযোগ নিয়ে মরিনহোর সঙ্গে যোগাযোগ করেছে রোমা।

মার্চে সাবেক কোচ ইউসেবিও দি ফ্রান্সেস্কোকে পদচ্যুত করার পর বর্তমানে অন্তর্বর্তীকালীন ভিত্তিতে ক্লদিও রানিয়েরির দায়িত্বে আছে রোমা। সিরি আ’তে এখন আটলান্টার চেয়ে এক পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে আছে রোমা। শেষমেশ যদি চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাকা করতে সক্ষম হয় রোমা, তবে স্থায়ী কোচ হিসেবে রানিয়েরিকেই রেখে দিতে পারে দলটি। যদি তাই হয় তবে আরও একবার হতাশ হতে হবে মরিনহোকে।