নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ঘোলা পানিতে মাছ শিকার করছেন বলে অভিযোগ করেছেন সাবেক এমপি শামীম ওসমান। তিনি বলেন, আমাকে এখন খুনি বলে ডাকা হচ্ছে। বিষয়টি আমার জন্য বিব্রতকর। এ ঘটনায় আমি থানায় জিডি করবো এবং রবিবার এসপি অফিসে স্মারকলিপি দেব। কিন্তু এর মধ্যেও যদি আইভী স্পষ্ট করে কিছু না বলে তাহলে আমি প্রয়োজনে আদালতে মামলা করবো। কারণ আমিও চাই এ ঘটনার সুরাহা হউক। প্রকৃত খুনিরা গ্রেফতার হউক। নাইলে ত্বকীর মত আরো খুনের ঘটনা ঘটবে এবং তখন আমাদের উপর দায় চাপানোর চেষ্টা চলবে। শনিবার বিকেলে শহরের চাষাঢ়ায় পৈতৃক নিবাস হীরা মহল এ দলীয় নেতাকর্মীদের নিয়ে এক সংবাদ সম্মেলনে শামীম ওসমান এসব কথা বলেন।
জনাকীর্ণ সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, ত্বকী হত্যার ঘটনায় আমরা ১২ মার্চ শহরে সমাবেশ করে এ হত্যাকাণ্ডের বিচার চেয়েছি। ত্বকী হত্যার পর তার বাবা রফিউর রাব্বির দায়ের করা মামলার এজাহারে বলেছেন নারায়ণগঞ্জে সাংস্কৃতিক জোটের কর্মকাণ্ডের কারণে হয়তো বা ত্বকীকে হত্যা করতে পারে। কিন্তু তখন থেকেই সিটি করপোরেশন এর মেয়র আইভী বিষয়টি ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করে বক্তব্য দিয়েছেন।
প্রসঙ্গত ত্বকী হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে ৫ দিনের টানা কর্মসূচির শেষ দিন শুক্রবার বিকেলে শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে তানভীর মোহাম্মদ ত্বকীর হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেফতারের দাবিতে নাগরিক সমাজের ব্যানারে গণজমায়েতে আইভী ও রাব্বি বলেন, শামীম ওসমান নিজেকে কাপুরুষের পরিচয় দিয়েছেন ত্বকীকে হত্যা করে। যদি এ হত্যাকাণ্ডের ঘটনায় খুনিদের বের করতে না পারে তাহলে শামীম ওসমানকে বর্জন করা হবে।
