মোহালি টেস্ট

জয়ের সম্ভাবনায় ভারত

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২১:০৪
মুরালি বিজয়ের টানা দ্বিতীয় সেঞ্চুরির পর তরুণ পেসার ভুবনেশ্বর কুমারের চটজলদি তিন উইকেট তুলে নেয়ার ঘটনায় ভারত মোহালিতে অনুষ্ঠানরত তৃতীয় টেস্টে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছে। অস্ট্রেলিয়া আজ সোমবার টেস্টটির পঞ্চম দিনে মাঠে নামবে ১৬ রান পিছিয়ে থেকে। যদিও মাইকেল ক্লার্কের দলটির হার এড়াতে হাতে থাকবে সাত উইকেট। ভারত প্রথম ইনিংসে ৯১ রানে এগিয়ে যাওয়ার পর স্বাগতিক বোলাররা আঘাত হানলে অস্ট্রেলিয়া চতুর্থ দিনের খেলা শেষ করে তিন উইকেটে তোলা ৭৫ রান নিয়ে। স্ট্যাম্প তোলার সময় ক্রিজে অপরাজিত ছিলেন ফিলিপ হিউজ (৫৩) ও নৈশ প্রহরী নাথান লিয়ন (৪)। ভারত বর্তমানে চার টেস্টের এ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। শেষ দিনে আজ তাই মহেন্দ্র সিং ধোনির দলের লক্ষ্য থাকবে যত তাড়াতাড়ি বিপক্ষের অবশিষ্ট সাতটি উইকেট তুলে নেয়া যায়। শুধু তাই, এর মধ্যে যেন টার্গেটটিও আয়ত্তের মধ্যে থাকে। কিন্তু ক্রমাবনতিশীল উইকেটের মধ্যে সারাদিনে যে ৯৮ ওভার খেলা হওয়ার কথা তাতে উত্তেজনাপূর্ণ সমাপ্তিও ঘটতে পারে। কেননা এর আগে পিটার সিডলের পাঁচ উইকেট দখলের নৈপুণ্যে অস্ট্রেলিয়া ৪৯৯ রানে আটকে দেয় ভারতের প্রথম ইনিংসটি। ভারত আগেরদিনের বিনা উইকেটে তোলা ২৮৩ রান নিয়ে খেলতে নেমে কাল ২১৬ রানের বেশি যোগ করতে পারেনি। সিডল ৭১ রানে উইকেট পাঁচটি দখল করেন। স্বাগতিকরা মূলত অভিষেক ম্যাচে শিখর ধাওয়ানের রেকর্ডগড়া ১৮৭ ও বিজয়ের ধৈর্যশীল ইনিংসের সুবাদেই পাঁচশ ছুঁই ছুঁই ইনিংসে পৌঁছায়। যদিও ভারতের শেষ সাতটি উইকেট পড়ে যায় কেবল ৮৭ রানের সঞ্চয়ে। মূলত দ্বিতীয় নতুন বল নিয়েই সিডল ও মিশেল স্টার্ক ভারতীয় ইনিংসের রাশ টেনে ধরেন। নইলে লাঞ্চের সময়ও ভারতের সংগ্রহ ছিল ৩৮৪/৩। সকালের পালায় আউট হন শিখর (১৮৭), চেতশ্বের পূজারা ও শচিন টেন্ডুলকার (৩৭)। সব মিলিয়ে এদিন ১৩টি উইকেটের পতন ঘটে। বিজয়ের ম্যারাথন ইনিংসটি গড়ে ওঠে ৩১৭ বলের বিপরীতে। তামিল নাড়ুর এই ব্যাটসম্যান সব মিলিয়ে ৪১৪ মিনিট ছিলেন ক্রিজে। এ সময় ১৯টি চার ও তিনটি ছয়ের মারে ২৮ বছরের এই ব্যাটসম্যান তুলে নেন নিজে তৃতীয় টেস্ট শতকটি। গতদিনের তোলা ৮৩ রান নিয়ে তিনি খেলা শুরু করেছিলেন। ধাওয়ান অবশ্য এদিন দুই রানের বেশি যোগ করতে পারেননি। ২৫১ মিনিট ক্রিজে থেকে ১৭৪ বলের মোকাবেলায় ৩৩টি চার ও দুটি ছক্কা মারেন ২৭ বছরের ধাওয়ান। সংক্ষিপ্ত স্কোর অস্ট্রেলিয়া ৪০৮ ও ৭৫/৩ (হিউজ অপরাজিত ৫৩; ভুবনেশ্বর কুমার ৩/২৫) ভারত ৪৯৯ (মুরালি বিজয় ১৫৩, শিখর ধাওয়ান ১৮৭, ভিরাট কোহলি অপরাজিত ৬৭, টেন্ডুলকার ৩৭; সিডল ৫/৭১, স্টার্ক ২/৭৪)।