ধাওয়ানের প্রেরণা টেন্ডুলকার

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২১:০৫
শেষ পর্যন্ত যে ইনিংস খেলে আউট হলেন, তাতে এখনই কেউ কেউ তাকে ভবিষ্যত্ ভারতীয় তারকা বলে ফেলছেন। ভবিষ্যতে তিনি কে হবেন, তা সময়ই বলবে। তবে অভিষেকেই ১৮৭ রানের ইনিংস খেলা শিখর ধাওয়ান বলছেন, এই ইনিংসের পেছনে সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকারের অনুপ্রেরণা আছে। তার কাছ থেকে অভিষেক ক্যাপ পেয়েছিলেন বলেই বেশি অনুপ্রাণিত ছিলেন বলে বলছেন ধাওয়ান। রেকর্ড ভাঙ্গা ইনিংসের পর ধাওয়ান সাংবাদিকদের বলেন, ‘শচিনের কাছ থেকে টেস্ট ক্যাপ নেয়াটা ছিল একটা অবিস্মরণীয় মুহূর্ত। আমি শিশুকাল থেকে তাকে দেখে আসছি। স্বপ্ন আজ সত্যি হলো।’ শুধু ক্যাপটা তুলে দেওয়া নয়। শিখর ধাওয়ান জানালেন, টেন্ডুলকার তাকে সাহসী ইনিংস খেলতে খুব প্রয়োজনীয় একটা পরামর্শও দিয়েছিলেন তখন, ‘‘তিনি আমাকে বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটে আমরা তোমাকে খুব সাহসী খেলোয়াড় হিসেবে জানি। এখন আমরা তোমাকে আন্তর্জাতিক পর্যায়েও একজন সাহসী খেলোয়াড় হিসেবে দেখার আশা করছি। সুতরাং আমাদের কিছু সাহস দেখাও।’’ এ পর্যন্ত সুযোগটা কখনোই পাননি। দীর্ঘদিন অপেক্ষায় থেকে নিজেকে কিভাবে তৈরি করেছেন, তাও বললেন ধাওয়ান, ‘দল থেকে বাদ পড়ার পর আমি কঠোর পরিশ্রম করেছি। আমি নিজকে পরিবর্তন করেছি। আমি একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। আমি খুশি যে, সে সুযোগ আমি দু’হাতে লুফে নিতে পেরেছি। সব সময়ই স্বপ্ন ছিল ডেব্যু টেস্টে সেঞ্চুরি করা।’