স্বাধীনতা দিবসের জাতীয় অনুষ্ঠানের জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলছে প্রস্তুতি। স্টেডিয়ামের মশালের নিচে কাঠ মিস্ত্রীরা বিভিন্ন ডিজাইনের কাজ নিয়ে ব্যস্ত। এরকম পরিবেশেই কাল উদ্বোধন হলে এটিএন বাংলা স্বাধীনতা কাপ ফুটবল। মাত্র দুই দিন খেলা হবে। এরপর থেকে কমলাপুর স্টেডিয়ামে খেলা দেয়া হয়েছে। টুর্নামেন্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন রাষ্ট্রীয় অনুষ্ঠান বলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা হচ্ছে না। পেশাদার লিগটা যখন জমে উঠেছিল, তখন চ্যালেঞ্জ কাপের খেলার কারণে লিগ স্থগিত রেখে নেপাল গেল ফুটবল দল। সাত মার্চ ফুটবল দল ঢাকায় ফিরেছে। দুই দিন বিশ্রাম দিয়ে ঘরোয়া টুর্নামেন্ট স্বাধীনতা কাপ ফুটবল শুরু করা যেত। কিন্তু বাফুফে তা না করে ১০ দিন অলস সময় কাটালো। ১০ মার্চ খেলা শুরু হলে প্রতিদিন দুটো করে ম্যাচ হলেও ২১ ম্যাচের টুর্নামেন্টে সাত দিনে ১৪টি শেষ করা যেত। তাতে একদিনে তিন ম্যাচ আয়োজন করার প্রয়োজন পড়তো না এবং ফাইনাল এপ্রিলের পরিবর্তে মার্চেই হতে পারত। কিন্তু পরিকল্পনার অভাবে সেটা হলো না। টুর্নামেন্টের আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠের পরিচর্যা হয়েছে বলেও মনে হলো না। অথচ বাফুফের মাঠ কমিটি আছে। মাঠের যত্নে প্রচুর অর্থও ব্যয় করছে বাফুফে। তারপরও কাল দেখা গেল মূল মাঠে বড় বড় ঘাস। তবে খেলা চলাকালে দেখা গেল মেশিন দিয়ে ঘাস কাটা চলছে।
