৪৮তম সিদ্দিকুর

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২১:০৫
ভারতের শেষটা ভালো হলো না গলফার সিদ্দিকুরের। আয়োজিত আভান্থা মাস্টার্স টুর্নামেন্টের চতুর্থ ও শেষ রাউন্ডে ভালো পারফরম্যান্স করতে পারেননি সিদ্দিকুর রহমান। পারের চেয়ে এক শট বেশি নিয়ে যৌথভাবে ৪৮তম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেন দেশসেরা এই গলফার। বৃহত্তর নয়ডার জয়পী গ্রিনস গলফ কোর্সে তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে আট শট এগিয়ে থেকে যৌথভাবে ৩২তম স্থানে ছিলেন সিদ্দিকুর। রবিবার চতুর্থ ও শেষ রাউন্ডে নির্ধারিত শটের চেয়ে এক শট বেশি (৭৩ শট) নিতে হয় ২০০৭ সালে পেশাদার হওয়া এই গলফারকে। চার বাডির বিপরীতে পাঁচটি বগি নিয়েছেন। ফলে সব মিলিয়ে পারের চেয়ে সাত শট এগিয়ে থেকে (২৮১ শট) প্রতিযোগিতা শেষ করেন ২০১০ সালের ব্রুনাই ওপেন জয়ী এই তারকা। এদিকে তৃতীয় রাউন্ডে পারের চেয়ে ১০ শট কম খেলে ২.৩ মিলিয়ন মার্কিন ডলারের এই প্রতিযোগিতায় শিরোপা জয়ের ক্ষেত্র প্রস্তুত করেই রেখেছিলেন দক্ষিণ আফ্রিকার টমাস এইকেন। রবিবার শেষ রাউন্ডে আন্ডার পার ফাইভ স্কোর করে সব মিলিয়ে নির্ধারিত শটের চেয়ে ২৩ শট কম নিয়ে শিরোপা ঘরে তুলেন এই প্রোটিয়াস গলফার। এদিকে শেষ রাউন্ডে ৬৪ শট খেলে এক লাফে অষ্টম স্থান থেকে দ্বিতীয় স্থান দখলে নেন স্বাগতিক গলফার গগনজিত্ ভুলার। সব মিলিয়ে পারের চেয়ে ২০ শট কমে (২৬৮ শট) প্রতিযোগিতা শেষ করেন তিনি।