ঘরের মাঠে দু’বার পিছিয়ে পড়েও দারুণ এক জয় পেল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। লা লিগায় শনিবার তারা ৫-২ গোলে পরাজিত করে মায়োর্কাকে।
স্যান্টিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে ম্যাচের ছয় মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। গোল করেন এমিলিও স্যু। এর আট মিনিট বাটেই সমতা ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েন। ২১ মিনিটে আলেজান্দ্রো আলফারো গোল করলে আবারও পিছিয়ে যায় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের খেলা ২-১ গোলে এগিয়ে থেকেই শেষ করে মায়োর্কা।
তবে, দ্বিতীয়ার্ধে মাঠে নামে অন্য মাদ্রিদ। গুনে গুনে চারটা গোল করে তারা। ৫১ মিনিটে গোল করে সমতা আনেন পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এর ছয় মিনিটের মধ্যে আরও দু’বার প্রতিপক্ষের জালে বল জড়ায় কোচ হোসে মরিনহোর দল। ৫৪ মিনিটে মড্রিচের গোলে এগিয়ে যাওয়ার পর ৫৭ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন হিগুয়েন। ম্যাচ শেষ হওয়ার আগমুহূর্তে ইনজুরি সময়ে ৫ম গোলটি করেন ফরাসী তারকা করিম বেনজেমা।
