ওয়েব সাইটে প্রকাশিত খসড়া তালিকা

নাসিরনগরে ১৯ মুক্তিযোদ্ধার স্থলে অ-মুক্তিযোদ্ধার নাম

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২১:০৭
ওয়েব সাইটে প্রকাশিত খসড়া তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হক, বর্তমান মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, ডেপুটি কমান্ডারসহ ১৯ জন মুক্তিযোদ্ধার নাম নেই। অথচ তাদের স্থলে ১৯ জন অ-মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক এক লাখ ৭৭ হাজার মুক্তিযোদ্ধার তথ্য সম্বলিত খসড়া ডাটাবেইজ তৈরি করে ওয়েব সাইটে প্রকাশ করে। এতে নাসিরনগর উপজেলার সাবেক সাংসদ মোজাম্মেল হক, বর্তমান মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ আজাহারুল হক, ডেপুটি কমান্ডার সুনীল দত্ত, উপজেলা চেয়ারম্যান আহসানুল হকসহ ১৯ জন মুক্তিযোদ্ধার নাম নেই। তাদের স্থলে ১৯ জন অ-মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত হওয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে উপ-সচিব ও কর্মসূচি পরিচালক, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় বরাবরে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্তি করার জন্য লিখিতভাবে আবেদন করেছেন। ওয়েব সাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী ক্রমিক নং ০২০২৫০০০১ থেকে ০২০২৫০০০১৯ পর্যন্ত সকলেই অ-মুক্তিযোদ্ধা। বাদ পড়া মুক্তিযোদ্ধার মধ্যে রয়েছে সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হক, (কাপ্তান মিয়া) উপজেলা চেয়ারম্যান আহসানুল হকসহ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গঠনের শুরু থেকে এ পর্যন্ত সকল কমান্ডার ও বর্তমান নির্বাচিত কমান্ডার ও ডেপুটি কমান্ডারের নাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, বাদ পড়া ১৯ জন প্রকৃত মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্তির জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সংশোধনী পাঠানো হয়েছে।