চকরিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

আপডেট : ০৫ মে ২০১৯, ২১:৪৭

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

চকরিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নে এ ঘটনা ঘটে। এসময় নিহত গৃহবধূর স্বামী মো. আরাফাতকে (২৮) আটক করেছে পুলিশ। ওই ইউনিয়নের পূর্ব হারবাং ২নং ওয়ার্ডের শান্তি নগর এলাকার মৃত রেজাউল করিমের পুত্র বলে জানিয়েছে পুলিশ।

হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সমির সরকার বলেন, গৃহবধূ কাজল মনির (১৮) লাশ উদ্ধারপূর্বক প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশটি ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাববিবুর রহমান জানান, নিহত গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে ডান হাতে দায়ের কোপসহ শরীরে একাধিক গুরুতর জখমের চিহ্ন রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে নিহত গৃহবধূর স্বামী মো. আরাফাতকে আটক করা হয়। তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হবে।