ইত্তেফাক রিপোর্ট
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, মান ঠিক রেখে সময়মতো নির্দিষ্ট অর্থের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে। এই টাকা জনগণের টাকা। তাই খরচের ক্ষেত্রে সচেতন হতে হবে। প্রকল্প যেন সময়মতো বাস্তবায়ন হয়, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রকল্প বাস্তবায়নে বাহুল্য ব্যয় বাদ দেওয়ার আহবান জানিয়েছেন তিনি। গতকাল রবিবার শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে উন্নয়ন প্রকল্পগুলোর ডিজিটাল মনিটরিংয়ের জন্য গঠিত পিএমআইএসের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইএমইডির ভারপ্রাপ্ত সচিব আবুল মনসুর মো. ফয়েজ উল্লাহর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, উন্নয়ন প্রকল্পের তদারকি বাড়ানো হয়েছে। এজন্য বিভাগীয় পর্যায়ে আইএমইডি কার্যালয় স্থাপন করা হচ্ছে। এরপর জেলা পর্যায়ে অফিস করা হবে। আমি মাঠ পর্যায়ে গিয়ে দেখেছি, সেখানে মূলত সিস্টেমের কোনো সমস্যা নেই। সমস্যা দায়িত্বশীলদের মধ্যে। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হবে না। কর্মশালায় আইএমইডি ভারপ্রাপ্ত সচিব জানান, বর্তমানে ১ হাজার ৯১৬টি প্রকল্পের মধ্যে মাত্র ৫৬২টি পিআইএমএস সফটওয়্যারে যুক্ত হয়েছে। প্রায় তিন-চতুর্থাংশ প্রকল্প এর বাইরে থাকায় প্রকল্প তদারকিতে সমস্যা হচ্ছে। তিনি বাকি প্রকল্পগুলোকেও দ্রুত এই সফটওয়্যারে যুক্ত করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন। কর্মশালায় জানানো হয়, আইএমইডির অন্যতম প্রধান কাজ বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত প্রকল্পগুলো তদারকি করা। এই কাজটি আরো সহজে ও দ্রুত সময়ে করতে ডিজিটাল মনিটরিংয়ের জন্য অনলাইন সফটওয়্যার পিএমআইএসের যাত্রা শুরু হয়েছে।
