আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সাভারে আলোচনা সভা

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ০০:২৭

 “নারীর কথা শুনবে বিশ্ব-কমলা রঙে নতুন দৃশ্য”— এ স্লোগানকে সামনে রেখে সাভারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থা সাভার উপজেলা শাখার চেয়ারম্যান শবনম তাহমিনা কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) জাহানারা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার উপ-পরিচালক (সিনিয়র সহকারী সচিব) তাহসিনা বিগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)’র সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সালাহউদ্দিন খান নঈম, সাভার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া হক প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সকল বাধা অতিক্রম করে নারীরা এগিয়ে যাচ্ছে। আমাদের দেশের নারীরা প্রমাণ করছে যে তারাও পারে। তবে এখনও সমাজে পুরুষদের আধিপত্য রয়ে গেছে।  যতদিন পর্যন্ত পুরুষরা নারীদের নারী নয়, মানুষ হিসেবে না দেখবে, ততদিন পর্যন্ত সমঅধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হবে না। তবে বর্তমান সময়ে নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির অনেকটাই উন্নতি হয়েছে। তা ছাড়া কোনো নারী যেন যৌতুক এবং নির্যাতনের শিকার না হয় সেজন্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় মহিলা সংস্থা নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বলে সংস্থার নেতৃবৃন্দ জানান।