বিজিএফসিএল এর ১৮৫ কোটি টাকা করপূর্ব মুনাফা অর্জন

আপডেট : ০৫ মে ২০১৯, ২১:৫০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) এর ৬৩তম বার্ষিক সাধারণ সভা কোম্পানি বোর্ডের চেয়ারম্যান এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম-এর সভাপতিত্বে সম্প্রতি রাজধানীর গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচ্য অর্থবছরে এ কোম্পানি দৈনিক প্রায় ৮২৭ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ করছে, যা দেশের মোট সরবরাহের প্রায় ২৭% এবং রাষ্ট্র মালিকানাধীন গ্যাস উত্পাদন কোম্পানিসমূহের সরবরাহের প্রায় ৮০%। কোম্পানির মোট উত্পাদিত গ্যাসের পরিমাণ ৩.০১ লাখ মিলিয়ন ঘনফুট। গ্যাসের উপজাত কনডেনসেট উত্পাদনের পরিমাণ ১.৯২ লাখ ব্যারেল। ২০১৭-২০১৮ অর্থবছরে বিজিএফসিএল সর্বমোট ৩,৬৬০ কোটি ৩১ লাখ টাকা রাজস্ব আয় করে এবং মোট ১৮৫ দশমিক ৭৩ কোটি টাকা করপূর্ব মুনাফা অর্জন করে। এ অর্থবছরে কোম্পানি সম্পূরক শুল্ক ও ভ্যাট, ডিএসএল, লভ্যাংশ এবং আয়কর বাবদ মোট ৩,২৩৪ কোটি ৭১ লাখ টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করেছে।