বাজেটে শিল্পবান্ধব ভ্যাট প্রণয়নের দাবি স্টীল সিট ব্যবসায়ীদের

আপডেট : ০৫ মে ২০১৯, ২১:৫১

ইত্তেফাক রিপোর্ট

শিল্প ও ব্যবসা বান্ধব ভ্যাট নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ আয়রণ অ্যান্ড স্টীল ইম্পোর্টারস অ্যাসোসিয়েশন। আসন্ন বাজেটকে সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে দেওয়া এক চিঠিতে সংগঠনটি এ দাবি জানায়।

সংগঠনটির সাধারণ সম্পাদক নাসিরউল্লাহ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আয়রণ অ্যান্ড স্টীল সিট আমদানিকারকরা দীর্ঘদিন যাবত্ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্ষুদ্র, মাঝারি ও বৃহত্ শিল্পের কাঁচামাল আমদানি করে আসছি। এই বিশাল শিল্পের সঙ্গে প্রায় এক কোটিরও বেশি লোক জড়িত রয়েছে। আমরা বাণিজ্যিক আমদানিকারকরা দেশীয় শিল্প কারখানার মোট চাহিদার ৯৫ শতাংশ কাঁচামাল ও অবকাঠামো শিল্পের শতভাগ কাঁচামাল আমদানি করে ভ্যাট ও ট্যাক্স দিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছি। আসন্ন বাজেটকে সামনে রেখে ১২ দফা দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।

তাদের দাবিগুলো হলো— ২০১৯-২০২০ অর্থ বছরের জাতীয় বাজেটে লৌহশিল্পের কাঁচামাল এইচএস কোড ৭২১০.৩০.০০, ৭২১০.৪৯.৯০, ৭২১০.৭০.৯০, ৭২১০.৬১.৯০, ৭২১০.৯০.০০ এর পণ্যগুলোর শুল্ক হার ২৫ শতাংশ থেকে ১০ শতাংশ করতে হবে।  ভ্যালুয়েশন রুল ২০০০ অনুসারে উপরোক্ত এইচ এস কোডভুক্ত পণ্যের সকল দেশ হতে আমদানির ক্ষেত্রে  ইনভয়েস ভ্যালুতে শুল্কায়ন, ব্যাংক ঋণের সুদ ৮ শতাংশ করা, আমদানি পর্যায়ে বন্ড ও ট্যাক্স সুবিধা বন্ধ করে উত্পাদনের পর বিপণন পর্যায়ে ট্যাক্স সুবিধা প্রদান, লৌহশিল্পের ক্ষেত্রে ছোট ট্রেডার্সের জন্য প্যাকেজ ভ্যাট ও বড় ট্রেডার্সের ক্ষেত্রে টন প্রতি ১০০ টাকা, আমদানি পর্যায়ে অগ্রিম ট্রেড ভ্যাট ৫ শতাংশ প্রত্যাহার, রেয়াত ও রিটার্ন ব্যবস্থা সহজীকরণ, ইসিআর মেশিন ও অনলাইন ভ্যাট বাস্তবায়নের চালুর আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা, পণ্য এক বিক্রয় কেন্দ্র /ওয়্যারহাউজ থেকে অন্য বিক্রয় কেন্দ্র/ওয়্যারহাউজ এ স্থানান্তরের প্রক্রিয়া সহজীকরণ, মূল্য সংযোজন কর সম্মাননাপত্র প্রদান উল্লেখযোগ্য। এছাড়া স্টীলের ক্ষেত্রে রকম পরিবর্তনের ধারাটি রহিত করার দাবি জানানো হয়।