কড়চা রেসিপি বিভাগে আমরা বরাবরই চেষ্টা করেছি আপনাদের রসুইঘরের আয়োজনে নতুন কিছু সংযোজন করতে। সেই ধারাবাহিকতায় এ সপ্তাহ থেকে শুরু হলো নানান দেশের রেসিপি নিয়ে এক ভিন্ন আয়োজন। এ সপ্তাহে থাকছে আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারের জনপ্রিয় তিনটি রেসিপি। ভিনদেশি এই রেসিপিগুলো দিয়েছেন
রন্ধনশিল্পী রেজওয়ানা রেজা
ফি শ কা রি
উপকরণ :ভেটকি বা কোরাল মাছ ১ কেজি, পেঁয়াজ গ্রেট করা ১/২ কাপ, রসুন ছেঁচা ১ চা চামচ, আদা ছেঁচা ১/৩ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১/২ চা চামচ, টমেটো কুচি ১/২ কাপ, চিনি ১ চা চামচ, লবণ পরিমাণমতো, সাদা তিল ২ টেবিল চামচ, তিলের তেল ৬ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, সয়াবিন তেল ভাজার জন্য ১ কাপ, ময়দা ১/৪ কাপ।
প্রণালি :মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরা করে ১ টেবিল চামচ লেবুর রস, লবণ, ১/২ চা চামচ হলুদ মাখিয়ে ১/২ ঘণ্টা রাখতে রাখতে হবে। সয়াবিন তেল গরম করে মাছগুলো ময়দায় গড়িয়ে ভেজে নিয়ে ডিশে সাজিয়ে রাখতে হবে। প্যানে তিলের তেল গরম করে আদা, রসুন, পেঁয়াজ দিয়ে ভেজে হলুদ, লবণ, মরিচ দিয়ে ভুনে টমেটো দিয়ে ৫-৬ মিনিট ভুনে চিনি ও লেবুর রস দিয়ে ১ মিনিট ভুনে মাছের ওপর ঢেলে দিতে হবে। তিল শুকনা ফ্রাইপ্যানে টেলে মাছের উপর ঢেলে দিয়ে পরিবেশন করতে হবে।
ঘা ও সে
উপকরণ :মুরগি ১ কেজি ওজনের ১টি, আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, টেস্টিং সল্ট ১/২ চা চামচ, সয়াবিন তেল ১/৪ কাপ, শুকনা মরিচ টালা গুঁড়া ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, নুডলস ১ প্যাকেট, সাদা গোল মরিচ গুঁড়া ১ চা চামচ, নারিকেলের দুধ ৪ কাপ, চিনি ১ চা চামচ, মাখন ২ টেবিল চামচ, বেসন ২ টেবিল চামচ।
প্রণালি :মুরগি ৪ টুকরো করে ১৪ কাপ পানি দিয়ে সিদ্ধ করতে হবে। মাংস সিদ্ধ হয়ে পানি ১০ কাপের মতো হলে ছেঁকে নিয়ে ১ কাপ স্টকে রেখে বাকি স্টক নারিকেলের দুধের সাথে মেশাতে হবে। মাংস ঠাণ্ডা করে হাড় থেকে ছাড়িয়ে লম্বা শেপের ছোট ছোট টুকরা করে কেটে আদা, রসুন, পেঁয়াজ, লবণ, টেস্টিং সল্ট দিয়ে মাখিয়ে নিতে হবে। তেল গরম করে মাংস ভুনে নারিকেলের দুধ দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে। নারিকেলের দুধ শুকিয়ে অর্ধেক হলে ১ কাপ স্টক দিয়ে বেসন গুলিয়ে মাংসের সাথে মিশিয়ে ফুটে উঠলে চিনি দিয়ে নামাতে হবে। আলাদা আলাদা স্যুপের বাটি নিতে হবে। স্যুপের বাটিতে প্রথমে সিদ্ধ নুডুলস দিয়ে, তাতে গরম স্যুপ দিয়ে, মরিচ গুঁড়া ও সাদা সিরকা, ধনেপাতা দিয়ে পাউরুটির টোস্ট দিয়ে পরিবেশন করতে হবে।
জি ন জা র সা লা দ
উপকরণ :বুটের ডাল ১/২ কাপ, মুগ ডাল ১/২ কাপ, বাঁধাকপি মিহি কুচি ৩ কাপ, লেবুর রস ১/৪ কাপ, রসুন কুচি ৩ কোয়া, আদা লম্বা করে মিহি কুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচ ভেজে গুঁড়া ১ চা চামচ, বিট লবণ পরিমাণমতো, সাদা তিল ১/৪ কাপ, তিলের তেল ১/৩ কাপ, পেঁয়াজের ডাটা কুচি ২ টেবিল চামচ, লেবুর খোসা কুচি ১ চা চামচ, ফিশ সস ১ চা চামচ, চাট মসলা ১/২ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল।
প্রণালি :৮ ঘণ্টা ডাল ভিজিয়ে রাখুন। লেবুর রসে আদা কুচি ভিজিয়ে রাখুন। ডাল থেকে পানি ঝরিয়ে ফেলুন। ফ্রাই প্যানে তেল গরম করে অল্প আঁচে ডালগুলো ভাজতে থাকুন। ১০ মিনিট পর রসুন কুচি দিন। ডাল লাল হয়ে এলে তিল দিয়ে দিন। এর রঙ যখন কালো দিকে যাবে তখন নামিয়ে বাঁধাকপি কুচি, পেঁয়াজের ডাটা কুচি, আদা কুচি, ফিশ সস, চাটমসলা, বিট লবণ, ধনেপাতা কুচি একসাথে মাখিয়ে পরিবেশন করুন।
