ডায়েট

গরমে ভালো থাকতে

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ১৮:২৯
এই গরমে নানা রকম রোগ আমাদের শরীরে আক্রমণ করে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নানা রকম ভাইরাসবাহিত অসুখ প্রায়ই কাবু করে আমাদের। আর নিয়ে সতর্ক থাকতে প্রথমেই আসে খাবারের প্রসঙ্গ। গরমে ভালো থাকতে খাওয়া-দাওয়ার ব্যাপারে সচেতনতা জরুরি। তাই জেনে নেওয়া যাক এই গরমে কী ধরনের খাবার আমাদের শরীরের জন্য ভালো। শরীরের জন্য এ সময় ফল এবং শরবতের কোনো বিকল্প নেই। লাল, সবুজ, হলুদ, কমলাসহ বিভিন্ন রঙের ফল গ্রহণ করতে পারেন। এ সময়টায় বাজারে তরমুজ, বেল, ডাব, বাঙ্গিসহ বিভিন্ন রকম মৌসুমী ফলমূল পাওয়া যায় এগুলো খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিসমৃদ্ধ। এই প্রচণ্ড গরমে আপনার স্বস্তির বন্ধু হতে পারে পানি। প্রতিদিন দুই থেকে আড়াই লিটার পানি পান করতে হবে। পানি শরীরের অভ্যন্তরকে পরিশোধিত করে। শরীরে ঘাম বেশি হলে সে ক্ষেত্রে পানিতে খানিকটা লবণ মিশিয়ে পান করা যেতে পারে। তবে খাবার স্যালাইন পান করলে খুব ভালো হয়। ঠাণ্ডা লেবুর শরবত কিংবা তরমুজ জাতীয় রসালো ফলও এ সময় খাওয়া যেতে পারে। প্রচণ্ড গরমে অনেকেরই চোখ জ্বালা করে। এই পরিস্থিতিতে চোখে ঠাণ্ডা পানির ঝাপটা দিলে আরাম লাগবে। পারলে কিছুক্ষণ ঠাণ্ডা পরিবেশে বিশ্রাম নিতে হবে, পান করে নিতে হবে এক গ্লাস ঠাণ্ডা পানি। ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম থাকায় ডাবের পানি গরমের দিনে পান করা প্রয়োজন। এতে শরীর তরতাজা থাকে। কাঁচা আম বেটে লবণ, চিনি মিশিয়ে শরবত খেলে ভালো লাগবে। ফলের ঋতু গ্রীষ্মকাল। রসাল আর সুস্বাদু নানা ফল পাওয়া যায় এ সময়। আম, জাম, জামরুল, পেয়ারা, লিচু, কাঁঠাল, আনারস, তরমুজ বেশ ভালো স্বাস্থ্যের জন্য। এ গরমে লেবুর শরবত অনেক উপকারী। লেবুর শরবতে প্রচুর পরিমাণে শর্করা থাকে, যা আমাদের অবসন্নতা দূর করে। বাজারের বিভিন্ন ধরনের পানীয় শরীরের জন্য ক্ষতিকর। এতে প্রচুর পরিমাণে ফ্যাট, থাকে যা আমাদের মুটিয়ে ফেলে। আবার আজকাল রাস্তার পাশে উন্মুক্ত অবস্থায় বিভিন্ন রকম রঙিন শরবত বিক্রি করতে দেখা যায়। এ ক্ষেত্রে পানির উত্স ও বরফটা যদি পরিষ্কার না হয় তাহলে নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এ সময়ের মৌসুমি ফলের মধ্যে রয়েছে বেল ও বাঙ্গি। বেলে প্রচুর পরিমাণে শর্করা রয়েছে এবং এটা কোষ্ঠ্যকাঠিন্য দূর করে। বাঙ্গির শরবত পানির পিপাসা না মেটালেও এতে প্রচুর পরিমাণে শর্করা ও খনিজ লবণ রয়েছে এবং পানির উত্স নিরাপদ হলে এটিও নিরাপদ। রোজ ৩টি করে ফল খেতে পারলে খুব ভালো হয়। ফল ও সবজির মধ্যে টমেটো, আম, লেটুসপাতা, পেঁপে, আনারস, কুমড়া, পালংশাক, গাজর, তরমুজ, স্ট্রবেরি, বেগুন, বেদানা, আঙ্গুর খেতে পারেন।