শিরোপা জিতলেন নাদাল-শারাপোভা

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২০:৫৪
হার্ড কোর্টে নিজের ফেরাকে স্মরণীয় করে রাখলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। বিএনপি পারিবাস ওপেনে তৃতীয়বারের মতো শিরোপা জয় করলেন তিনি। গতকাল অনুষ্ঠিত ফাইনালে তিনি ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে ডেল পোত্রোকে পরাজিত করেন। মেয়েদের ফাইনালে জিতেছেন রুশ তারকা মারিয়া শারাপোভা। ফাইনালে সাবেন শীর্ষ বাছাই ক্যারোলিন ওজনিয়াকিকে তিনি ৬-২, ৬-২ গেমে পরাজিত করেন। ২০০৯ সালের ইউএস ওপেনের চ্যাম্পিয়ন ডেল পোত্রো নোভাক জকোভিচ এবং অ্যান্ডি মারেকে পরাজিত করে ফাইনালের পথ নিশ্চিত করেছিলেন নাদাল। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটা খুবই আবেগময় একটি মুহূর্ত ছিল। গত সাত মাসে অনেক কিছুই ঘটেছে। এখানে ফিরে এসে শিরোপা জয় করাটা সত্যিই আশ্চর্য্যজনক। শীর্ষ ১০জনের মধ্যে তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়া সত্যিই অবিশ্বাস্য।’ এদিকে, গত বছর ফ্রেঞ্চ ওপেন জয়ের পরে শারাপোভা উইম্বলডনের চতুর্থ রাউন্ড থেকে এবং ইউএস ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন। চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনেরও সেমিফাইনাল থেকে চায়নার লি না’র কাছে পরাজিত হয়ে বাদ পড়েছিলেন। শারাপোভা তাই স্বীকার করেছেন সেরেনা উইলিয়ামস, ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং লি’র মত খেলোয়াড়রা তার শিরোপার পথে সমস্যা করেছে। তিনি বলেন, ‘গত বছর সেরেনা দারুণ ফর্মে ছিল। সে দুর্দান্ত আত্মবিশ্বাসের সাথে খেলেছে। সে অত্যন্ত শক্তিশালী। আর তাই তার বিপক্ষে ভাল করতে হলে ধারাবাহিকতা প্রয়োজন।’ এক ঘন্টা ২১ মিনিটের লড়াইয়ে ২৫ বছর বয়সী শারাপোভা দুই সেটেই দুইবার করে ওজনিয়াকির সার্ভিস ব্রেক করে মূলত ড্যানিশ তারকাকে কোন প্রতিরোধ গড়ারই সুযোগ দেননি। ২০০৬ সালের পরে এই নিয়ে দ্বিতীয়বারের মত ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা জিতলেন শারাপোভা। এছাড়া গত বছর ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জেতার পরে এটাই তার প্রথম শিরোপা। ২০০৮ সালের পরে প্রথমবারের মত র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও ফিরে এসেছেন তিনি। এ সম্পর্কে শারাপোভা বলেন, ‘এক নম্বর হওয়াটা সবসময়ই অসাধারণ। এটা এমন একটি বিষয় যা সবাই হতে চায়। তবে ক্যারিয়ারের এই মুহূর্তে এসে আমি মনে করি এখন শিরোপা ও গ্র্যান্ড স্ল্যামই আমার মূল গুরুত্বের বিষয় হওয়া উচিত।’