ল্যাম্পার্ডের ২০০!

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২০:৫৬
ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের ২০০তম গোলে অনুপ্রাণিত রবিবার নিজেদের মাঠে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এল চেলসি। চেলসির জয়ের রাতে অবশ্য হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টটেনহ্যাম হটস্পারকে। নিজেদের মাঠে তারা ফুলহ্যামের কাছে ১-০ গোলে হেরে যায়। লিগে এটি টটেনহ্যামের টানা দ্বিতীয় হার। চেলসির দ্বিতীয় সর্বাধিক গোলদাতা এখন ল্যাম্পার্ড। ২০২ গোল করে সর্বাধিক গোলদাতা তারই স্বদেশী ববি টাম্বলিং। ক্লাবের হয়ে সর্বকালের সেরা গোলদাতা হতে হলে আর তিনটি গোল করতে হবে এই মিডফিল্ডারকে। চেলসির হয়ে খেলায় দ্বিতীয় গোলটি করেন এডেন হ্যাজার্ড। এদিকে ফুলহ্যামের কাছে হারে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার পথ কঠিন হয়ে উঠলো টটেনহ্যামের জন্য। ক্লাবটি এখন পয়েন্ট টেবিলের চার নম্বরে নেমে গেছে। আন্দ্রে ভিলাস বোয়াসের দলকে টপকে তিন নম্বরে উঠে এসেছে চেলসি। ম্যাচের ৫২ মিনিটে ফুলহ্যামের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন সাবেক টটেনহ্যামের স্ট্রাইকার দিমিতার বারবাতোভ। চলতি মৌসুমে এফএ কাপের সেমিফাইনালে উঠেছে উইগান। কিন্তু প্রিমিয়ার লিগে রবিবার নিউক্যাসলের বিপক্ষে তারা ২-১ গোলে জয় পেলেও রেলিগেশন অঞ্চলেই রয়েছে তারা। সান্দারল্যান্ডও রেলিগেশনের ভয়কে দূর করতে পারেনি। কারণ তারা দশজনের নরউইচ সিটির ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড ২৯ ম্যাচ শেষে ৭৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে। সমান ম্যাচ খেলে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে অবস্থান করছে। চার পয়েন্ট পেছনে তৃতীয়স্থান অধিকার করা চেলসির (৫৫ পয়েন্ট)। এক ম্যাচ বেশি খেলে টটেনহ্যাম ৫৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে। আর্সেনাল ৫০ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পাঁচ নম্বরে। ফলে শীর্ষ চারে মৌসুম শেষ করাটা চ্যালেঞ্জের চেলসি, টটেনহ্যাম ও আর্সেনালের। চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেতে পয়েন্ট টেবিলে শীর্ষ চারে থাকতে হবে। ফুলহ্যাম ১০৪ বছর আগে হোয়াইট হার্ট লেনে লিগ ম্যাচে প্রথম মুখোমুখি হয়েছিল টটেনহ্যামের। এই মাঠে এটি ফুলহ্যামের তৃতীয় জয়।