লা লিগা

মেসি-জাদুতে বার্সার জয়

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২০:৫৬
লিওনেল মেসি ও ডেভিড ভিয়ার দারুণ নৈপুণ্যে রবিবার লা লিগায় বার্সেলোনা ৩-১ গোলে হারায় রায়ো ভ্যালেকানোকে। ন্যু ক্যাম্পে স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেন মেসি। উদ্বোধনী গোলটি এসেছিল ডেভিড ভিয়ার কাছ থেকে। লিগে টানা ১৮ ম্যাচে গোল পেলেন দুরন্ত মেসি। পাশাপাশি বার্সেলোনা দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদ থেকে ১৩ পয়েন্টে এগিয়ে গেল। লিগের আরো দশ ম্যাচ রয়েছে। এরই মধ্যে বার্সেলোনা ২৮ খেলা শেষে ৭৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ সমান ম্যাচ খেলে ৬১ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে। এদিকে অ্যাথলেটিকো মাদ্রিদ স্বাগতিক ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে। রিয়ালের নগড় প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদ এক পয়েন্ট কম অর্জন করে তৃতীয়স্থানে অবস্থান করছে। অ্যাথলেটিকোর হয়ে গোল দু’টি করেন ব্রাজিলিয়ান দিয়েগো কস্টা। মেসি ও ভিয়া দু’জনই ম্যাচের প্রথম থেকে দারুণ খেলে চলছিলেন। ফলও পেয়েছেন। ২৫ মিনিটে স্পেনের স্ট্রাইকার ভিয়া বার্সাকে প্রথম গোল এনে দেন। মেসির গোল দু’টি এসেছে ৪০ ও ৫৭ মিনিটে। রায়োর হয়ে একমাত্র গোলটি করেন বদলি খেলোয়াড় রাউল টামুডো ৭০ মিনিটে। লা লিগায় মেসি চলতি মৌসুমে ৪২টি গোল করলেন। লিগে গত বছর ৩ নভেম্বর তিনি শুধু সেল্টা ভিগোর বিপক্ষে গোল করতে ব্যর্থ হয়েছিলেন। এরপর তিনি গোল করে চলেছেন প্রতি ম্যাচে। রবিবারের ফলাফল মালাগা ০ এস্প্যানিওল ২ সেভিয়া ৪ রিয়াল জারাগোজা ০ ওসাসুনা ০ অ্যাটলেটিকো মাদ্রিদ ২ বার্সেলোনা ৩ রায়ো ভ্যালেকানো ১ গ্রানাডা ১ লেভান্তে ১