বিশিষ্ট ব্যক্তিদের হত্যার হুমকি
বিশেষ প্রতিনিধি
জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে হত্যার হুমকি পাওয়ার পর জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসির মামুন। গতকাল রবিবার রাজধানীর ধানমন্ডি থানায় গিয়ে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে তিনি এ জিডি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ। তিনি বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।
এদিকে গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যাদের নামে হুমকি দেওয়া হয়েছে, তাদের নিরাপত্তা দেওয়া হবে। এই হুমকি দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।
এর আগে গত শনিবার জঙ্গি হুমকির পরিপ্রেক্ষিতে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ধানমন্ডি থানায় জিডি করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল। এরপর গতকাল একই কারণ দেখিয়ে জিডি করলেন মুনতাসির মামুন।
ধানমন্ডি থানার ওসি জানান, সুলতানা কামাল যে কারণে জিডি করেছেন ঠিক একই কারণ দেখিয়ে নিজের জীবনের নিরাপত্তার জন্য মুনতাসির মামুনও জিডি করেছেন। প্রত্যেক জিডির বিপরীতে ডিএমপির সাইবার সিকিউরিটি বিভাগকে জানানো হয়েছে। জিডির বিষয়ে তদন্ত করবে সাইবার ক্রাইম ইউনিট।
সম্প্রতি মানবাধিকারকর্মী সুলতানা কামালসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে ইসলামের স্বার্থে হত্যা ও শেষ করে দেয়ার হুমকি দিয়েছে একটি জঙ্গি সংগঠন। হুমকি পাওয়া দুইজন জিডি করলেও এখন পর্যন্ত শাহরিয়ার কবির জিডি করননি বলে জানিয়েছে ধানমন্ডি থানা পুলিশ।
