জঙ্গিবাদী হুমকিতে এদেশের মানুষ ভয় পায় না :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৫ মে ২০১৯, ২২:০৯

বিশেষ প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিবাদের পেছনে স্থানীয় ও আন্তর্জাতিক মহলের ষড়যন্ত্র ছিল, এখনো আছে। তাদের দমন করা গেলেও মূলোত্পাটন করা সম্ভব হয়নি। তারাই মাঝেমধ্যে হুমকি-ধামকির মাধ্যমে আত্মপ্রকাশ করে। আল-কায়েদা সমর্থিত বাংলা সাময়িকী লোন-উলফের মার্চ সংখ্যায় বাংলাদেশের তিন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকির বিষয়ে গতকাল রবিবার রাজধানীর তেজগাঁওয়ের বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এছাড়া মাদক ব্যবসায়ীদের কঠোর পরিণতির হুঁশিয়ারি উচ্চারণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশি যে তিনজন নাগরিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকবে। হুমকির বিষয় নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। ষড়যন্ত্রকারীদের হুমকিতে দেশের মানুষ কখনো ভয় পায় না। কারণ দেশের মানুষ সংগ্রাম করেই আজকের অবস্থানে এসেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ধর্ম চর্চা যেখানে হয়, সেখানে জঙ্গি তৈরি হতে পারে না। হতাশাগ্রস্ত তরুণরাই জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের আগের থেকে দক্ষতা ও সক্ষমতা বেড়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা একের পর এক জঙ্গিদের দমন করছে। গুলিস্তানে পুলিশের ওপর বোমা হামলার বিষয়ে আইএসের দায় স্বীকার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু হলেই সাইট ইন্টেলিজেন্সে দায় স্বীকার করা হয়। এটা দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।