বাংলাদেশে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে ঢাকার গণজাগরণ মঞ্চের সমর্থনে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। সমাবেশের পর তারা জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে একটি স্মারকলিপিও পাঠিয়েছেন। ঢাকা থেকে এই সমাবেশের সঙ্গে সংহতি প্রকাশ করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। টেলিফোনে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন তিনি। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার দুপুরে (বাংলাদেশ সময় রবিবার দিবাগত মধ্যরাতে) জাতিসংঘের সদর দপ্তরের সামনে প্রবাসীদের এই সমাবেশ শুরু হয়। সমস্বরে ‘জয় বাংলা’ ধ্বনিতে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। সমাবেশের শুরুতেই জাতীয় সংগীত গাওয়া হয়। এরপর সব ধর্মের গ্রন্থ থেকে পাঠ করা হয়। সমবেতদের শপথ বাক্য পাঠ করান প্রবাসী তরুণ সাইমন হোসেন। সমাবেশে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো। বোস্টন, কানেটিকাট, পেনসিলভানিয়া, নিউ জার্সি, ডেলাওয়ার, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, আটলান্টিক সিটি ও নিউইয়র্ক থেকে প্রবাসীরা বিভিন্ন শ্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে সমাবেশে যোগ দেন। তাদের অনেকের মাথায় বাংলাদেশের জাতীয় পতাকা বাঁধা দেখা যায়।
‘তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’, ‘সন্ত্রাসী সংগঠন জামায়াত-শিবির নিষিদ্ধ করো’, ‘হিন্দুরা টার্গেট কেন, জামায়াত-বিএনপি জবাব চাই’ ইত্যাদি শ্লোগানে সমাবেশস্থল সরগরম করে রাখেন সমবেতরা।
