ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানকে সমর্থন দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। নানকও এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আগে থেকেই তাদের বিরোধ ছিল; নির্বাচনকে কেন্দ্র করে তা সংঘাতেও গড়ায়, তবে ভোটের আগে হাতে হাত রেখে নৌকাকে বিজয়ী করার অঙ্গীকার করলেন জাহাঙ্গীর কবির নানক ও সাদেক খান। এর মাধ্যমে রাজনীতিতে নতুন মাত্রা পেল।
দলীয় কার্যক্রমে সব সময় সক্রিয় থাকা নানককে গত কয়েকদিন অনুপস্থিত থাকলেও গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে একটি মতবিনিময় সভা করেন; সেখানে সাদেক খানকে সমর্থন জানান তিনি। নানকের আবেগঘন বক্তব্যে মুগ্ধ হয়ে নতুন প্রার্থী সাদেক খান বলেন, ‘আমার বড় ভাই যে বক্তব্য সবার সামনে দিয়েছেন, আমাকে বুকে তুলে নিয়েছেন এর জন্য আমি ওনাকে স্যালুট জানাই।’ মতবিনিময় সভার শুরুতে গত ১০ বছরে নানক এমপি থাকা অবস্থায় মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগরের উন্নয়নের প্রামাণ্য চিত্র তুলে ধরেন। নানকের নামে স্লোগান দিয়ে অনুষ্ঠানে যোগ দেন তার সমর্থকরা। বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বর্তমান সংসদ সদস্য নানক।
