টিম বার্নস-লি, রবার্ট কান, ভিনটন কার্ফ, লুইস পোজিন এবং মার্ক অ্যানড্রেসেনকে বলা যায় ইন্টারনেটের পথিকৃত্। কম্পিউটার আর ইন্টারনেট আজকে সারা বিশ্বকে যেভাবে এক সুতোয় গেঁথে রেখেছে, তার অন্যতম মূলেই রয়েছেন এই বিজ্ঞানী, গবেষক, প্রোগ্রামাররা। প্রথমবারের মতো যুক্তরাজ্যে চালু হওয়া কুইন এলিজাবেথ পুরস্কারের প্রকৌশল বিভাগে পুরস্কৃত হয়েছেন এই পথিকৃত্রা। সেন্ট্রাল লন্ডনের রয়্যাল একাডেমী অব ইঞ্জিনিয়ারিং থেকে এই পুরস্কার ঘোষণা করা হয়। বিজয়ীদের মধ্যে টিম বার্নস-লি হলেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের নির্মাতা। টিসিপি/আইপিসহ ইন্টারনেটের কর্মক্ষমতার প্রয়োজনীয় সব উপাদান তৈরি হয়েছে রবার্ট কান এবং ভিনটন কার্ফের হাতে। অন্যদিকে লুইস পোজিন ইন্টারনেটে তথ্য সঠিক গন্তব্যে পৌঁছানোর পদ্ধতি এবং মার্ক অ্যানড্রেসেন উদ্ভাবন করেছেন বিশ্বের প্রথম প্রজন্মের ওয়েব ব্রাউজার মোজাইক।
